সবার দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমাদের সংবিধানে প্রদত্ত জনগণের মৌলিক বিষয়গুলো বরাবরই উপেক্ষিত হয়। বাজেটে বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো সর্বস্তরের মানুষ সমানভাবে ভোগ করতে পারে না। এসব সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে সরকারকে কয়েকটি ক্ষেত্রে শক্ত হাতে ব্যবস্থা নিতে হয়। সেগুলো না নিলে বাজেট জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এবার আশাকরি সেটা হবে না। যদিও অস্বাভাবিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখীসহ চাপে থাকা সামষ্টিক অর্থনীতির মধ্যেই ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত করেছে সরকার। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে গঠিত এটি প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম এবং স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট। অর্থমন্ত্রী হিসাবে এটি তার প্রথম বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা বেশি। গত বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।
এবার বাজেটের প্রতিপাদ্য হচ্ছে- ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে খাদ্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। ব্যয় বৃদ্ধিতে দিনযাপন কঠিন হয়ে পড়ায় পরিবর্তন আসছে জনসাধারণের ভোগপ্রবণতায়। ডলারের বিনিময় হারে অস্থিতিশীলতা ও টাকার অবমূল্যায়নে খরচ বেড়েছে ব্যবসা-বাণিজ্যের। আমদানি বাণিজ্যকে চ্যালেঞ্জে ফেলেছে রিজার্ভ সংকট। মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় ডলারের সংস্থান করতে হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। বিদেশি বিনিয়োগও সেভাবে আসছে না। সবমিলিয়ে মন্দাক্রান্ত সময় পার করছে সামষ্টিক অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ।
এ পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদে বৃহস্পতিবার বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি চলতি (২০২৩-২৪) সংশোধিত বাজেটের তুলনায় ১১ দশমিক ৫৬ শতাংশ বেশি। এবার ব্যয় বাড়ছে ৮২ হাজার ৫৮২ কোটি টাকা। বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৪ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়া হয়েছে। অন্যান্য বছরের মতো জিডিপির ৫ শতাংশের নিচে রেখেই ঘাটতি (অনুদানসহ) রাখা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির অঙ্ক হচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল যখন জাতীয় সংসদে তাঁর প্রথম বাজেট উপস্থাপন করেছেন, তখন স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা ছিল তিনি অর্থনৈতিক সংকট থেকে দেশকে বের করে আনার জন্য দরকারি সব পদক্ষেপ নেবেন। সবার আগে মানুষের চাওয়া, মূল্যস্ফীতির প্রবল চাপ থেকে সরকার যেন তাদের স্বস্তি দেয়। মাসের পর মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। খাদ্যের মূল্যস্ফীতি এখন ১০ শতাংশের বেশি। শুধু খাদ্য কিনতে গিয়েই বেশিরভাগ মানুষ তাদের আয়ের বড় অংশ খরচ করতে বাধ্য হচ্ছেন। গত বাজেটে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার এক দুরূহ লক্ষ্য ঠিক করা হয়েছিল। কিন্তু এর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেগুলো এসেছে বছরের শেষ দিকে। সুতরাং বছরজুড়েই মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়েছে সীমিত আয়ের মানুষ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকেও নজর দিতে হবে অর্থমন্ত্রীকে। এই বাজেটের প্রভাব অর্থনৈতিক সংকট থেকে বের হয়ে আসার দিশা হোক- এ প্রত্যাশা আমাদের।
মানবকণ্ঠ/এসআরএস

