একটি গণমাধ্যম কার্যালয় যদি একটি উপাসনালয় হয়, একজন সাংবাদিক সেই উপাসনালয়ের উপাসক। হিন্দু মিথলজিতে দেখা যায়, চাঁদ সওদাগর মনসাকে পুজো দিতে চায়নি। কিন্তু একজন সাংবাদিক সত্যকে সেজদা করবে। যদি সে কোকিলের মতো ফড়িয়া না হয়, বাদুড়ের মতো জার্সি বদল না করে। এক মুখে দুই কথা না সারে। তার মানে সংবাদের গুরুত্ব কতোটা এটা ভেবেই কাজ করতে হবে।
সাংবাদিকতা যে কারণে চাকরি নয় ব্রত। কিন্তু পুঁজির অসম বিকাশ সমাজের আদর্শিক জায়গাগুলোকে প্রথম আক্রমণ করে সাংবাদিকতা তার মধ্যেও অন্যতম। একটি পুঁজিবাদী সমাজে আদর্শের বিষয়টি ক্রমশ অনুপস্থিত হতে থাকে। আদর্শহীন মাধ্যম সাধারণত তার প্রতিপক্ষকে আঘাত মাধ্যম হিসাবে বেছে নেয়। সেক্ষেত্রে ভিত্তিহীন সংবাদ বা ভুয়া সংবাদের ওপর তাদের নির্ভর করতে হয়। যে কারণে আমরা একটা বিষয় স্পষ্টই দেখি যে ইতিপূর্বে এক জরিপে মার্কিন ভোটারদেরকে প্রশ্ন করা হয়েছিল ফেসবুকে যে অভিযোগ তোলা হয়েছে- ‘হিলারি ক্লিনটন শিশু যৌন-নিপীড়ন চক্রের সঙ্গে যুক্ত কিনা’ এই প্রশ্নের উত্তরে ১৪% উত্তরদাতা ‘হ্যাঁ’ বলেছেন।
অন্যদিকে, স্ব-চিহ্নিত ট্রাম্প সমর্থকদের ৫৪% এর উত্তরে ‘না’ বলেছেন। আর ৩২% বলেছেন তারা নিশ্চিত নন। অন্যদিকে, এক বিস্ময়কর সংখ্যক লোক মনে করেন, ফেসবুকে ছড়ানো ক্লিনটনের যৌনচক্র-সংক্রান্ত কেলেঙ্কারি সত্য হতে পারে। যাই হোক, এই গুজব ছড়ানোর ফলে একটি প্রশ্ন উঠেছে, ভুয়া সংবাদ বলতে সত্যিকার অর্থে আসলে কী বুঝায়? আসলে এই ধরনের অসত্য সম্প্রচার ও বিকৃতি ‘ভুয়া সংবাদ’ নামক এই বিষয়টিরও আরো অনেক আগের সমস্যা।
প্রসঙ্গক্রমে বলতে হয়- সংবাদপত্রে ‘ফ্যাক্ট চেকার’ বা ‘চেকার’ সম্ভবত প্রথম নিয়োগ দিয়েছিল টাইম ম্যাগাজিন। সেটা ১৯২০ সালের দিকে। সেসময়ে ফ্যাক্ট চেকাররা সংবাদ প্রতিবেদনগুলোতে প্রকাশিত দিন-তারিখ, নাম, বিভিন্ন তথ্য সঠিকভাবে উপস্থাপিত হয়েছে কিনা সেগুলো চেক করতেন। টাইম ম্যাগাজিনের নিয়োগ দেয়া ফ্যাক্ট চেকাররা ছিলেন নারী (যদিও কখনো তাদের পরিচয় হিসাবে ‘ফ্যাক্ট চেকার’ শব্দের ব্যবহার শুরু হয়নি)। ১৯২৭ সালে কবি এডনা সেন্ট ভিনসেন্ট মিলের মৃত্যুর পরে তার একটা প্রোফাই ছাপিয়ে ছিল তখনকার স্বনামধন্য পত্রিকা ‘দ্য নিউ ইয়র্কার’ কিন্তু প্রতিবেদনটি এতই ভুলে ভরা হয়েছিল। এই প্রতিবেদনটি এতই ভুলে ভরা ছিল যে কবির মা পত্রিকা অফিসে গিয়ে হুমকি দেন, তার মেয়েকে নিয়ে ছাপানো ভুলগুলোর বিষয়ে উল্লেখযোগ্য সংশোধনী না হলে তিনি মামলা করবেন।
পরবর্তীতে এই ভুল যাতে না হয় সেজন্য ফ্যাক্ট চেকার নিয়োগ দেয় পত্রিকাটি। (দ্য ফ্যাক্ট চেকার্স বাইবেল, সারাহ হ্যারিসন স্মিথ) ভুয়া সংবাদ বা ভুয়া খবর হলো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যকে সংবাদ হিসেবে উপস্থাপন করা। ভুয়া খবরের প্রায়শই উদ্দেশ্য থাকে কোনো ব্যক্তি বা সত্তার সুনাম নষ্ট করা বা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করা। যদিও মিথ্যা সংবাদ সর্বদা ইতিহাসজুড়ে ছড়িয়ে পড়েছে, ‘ভুয়া খবর’ শব্দটি প্রথম ব্যবহƒত হয়েছিল ১৮৯০-এর দশকে যখন সংবাদপত্রে চাঞ্চল্যকর প্রতিবেদনগুলো সাধারণ ছিল। তা সত্ত্বেও, শব্দটির কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই এবং যেকোনো ধরনের মিথ্যা তথ্যের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছে। এটি উচ্চ-প্রোফাইল ব্যক্তিদের দ্বারা তাদের প্রতিকূল কোনো সংবাদে প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়েছে।
উপরন্তু, বিভ্রান্তিমূলক তথ্য ক্ষতিকারক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর সাথে জড়িত বিশেষ করে নির্বাচনের সময়। সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুক নিউজ ফিডের সাম্প্রতিক উত্থানের সাথে জাল খবরের প্রসার বেড়েছে এবং এই ভুল তথ্যটি ধীরে ধীরে মূলধারার মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
উদাহরণস্বরূপ, একটি বাজফিড নিউজ বিশ্লেষণে দেখা গেছে যে ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের শীর্ষস্থানীয় জাল খবরগুলো প্রধান মিডিয়া আউটলেটগুলোর শীর্ষ খবরের চেয়ে ফেসবুকে বেশি বিস্তৃতি পেয়েছে। এটি বিশেষ করে গুরুতর মিডিয়া কভারেজের উপর আস্থা নষ্ট করার সম্ভাবনা রয়েছে। শব্দটি মাঝে মাঝে বিশ্বাসযোগ্য সংবাদের উপর সন্দেহ জাগানোর জন্য ব্যবহার করা হয়েছে, এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কোনো নেতিবাচক প্রেস কভারেজ বর্ণনা করার জন্য এটি ব্যবহার করে শব্দটিকে জনপ্রিয় করার জন্য কৃতিত্ব পেয়েছেন। এটি ক্রমবর্ধমানভাবে সমালোচিত হয়েছে, কিছু অংশে ট্রাম্পের অপব্যবহারের কারণে, ব্রিটিশ সরকার এই শব্দটি এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ এটি খারাপভাবে সংজ্ঞায়িত। ভুয়া খবরের এ প্র্যাকটিস নতুন নয়।
৪২ খিস্টাব্দের কথা মার্ক এন্টনি ছিলেন একজন রোমান রাজনীতিবিদ এবং জেনারেল। যিনি রোমান প্রজাতন্ত্রকে একটি সাংবিধানিক প্রজাতন্ত্র থেকে স্বৈরাচারী প্রজাতন্ত্রে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অ্যান্টনি ছিলেন জুলিয়াস সিজারের আত্মীয় এবং সমর্থক, তিনি গল বিজয় এবং সিজারের গৃহযুদ্ধের সময় তার জেনারেলদের একজন হিসাবে কাজ করেছিলেন। ট্রিমভিররা ৪২ খ্রিস্টপূর্বাব্দে ফিলিপির যুদ্ধে সিজারের হত্যাকারীদের, লিবারেটরসকে পরাজিত করে এবং প্রজাতন্ত্রের সরকারকে নিজেদের মধ্যে ভাগ করে দেয়। অ্যান্টনিকে রোমের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো অর্পণ করা হয়েছিল, যার মধ্যে মিসরের ক্লায়েন্ট সাম্রাজ্য ছিল। তাদের চলমান শত্রুতা এক সময়ে গৃহযুদ্ধে পরিণত হয় যখন অক্টাভিয়ান প্রজাতন্ত্রকে ক্লিওপেট্রার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এবং অ্যান্টনিকে বিশ্বাসঘাতক ঘোষণা করতে প্ররোচিত করে। অ্যান্টনি এবং ক্লিওপেট্রা মিসরে পালিয়ে যান যেখানে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে আবার পরাজিত হয়ে, একটা মিথ্যা সংবাদের কারণে তারা আত্মহত্যা করেছিলেন। শুধু কি তাই?
ইতিপূর্বে আমরা দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিতি দেখতাম। যে গ্রাফিতির মধ্য দিয়ে শিল্পীরা রাষ্ট্রের চলমান অবস্থাকে প্রকাশ করতেন। গণমাধ্যমের বদৌলতে ‘সুবোধ তুই পালিয়ে যা, ‘সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না’; কিংবা ‘সুবোধ, কবে হবে ভোর’। এসব গ্রাফিতি আমাদের চোখে পড়েছে। এসব গ্রাফিতি সমকালীন রাজনৈতিক অবস্থাকে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেন। একদিন সুবোধ নামে একজন গ্রেপ্তার হলে সবাই বিভ্রান্তিতে পড়লো।
আমার একটি সংবাদের কথা মনে আছে। আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছাতেই অনেক মানুষের জটলা দেখলাম। সবাই একজন স্থানীয় সাংবাদিককে মারধরের অবস্থায়। কারণ জিজ্ঞেস করে শুনলাম একজন অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হলে ওই সাংবাদিক তাকে মৃত বলে নিউজ করেছে। খবর দেখে দূর-দূরান্ত থেকে ছেলে-মেয়ে আত্মীয়স্বজনরা হাজির। একইভাবে দেখেছি জাতীয় দৈনিকে নিউজ হয়েছে, ঢাকার আশপাশে হাজার জন জড়ো হয়েছে। ইত্যাদি। এখনও কি আমরা দেখি না কত ভিত্তিহীন-দায়দায়িত্বশূন্য সংবাদ প্রকাশ করছে বিভিন্ন পত্রিকা, অনলাইন, টিভি চ্যানেল? অনলাইনে তো আরো রগরগে সংবাদ। কে কার উপরে যেতে পারে। একবার এটা অনলাইন রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে বিমান দুর্ঘটনার খবর ছাপলো। ফলে বন্ধ হলো সে অনলাইন। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেছেন, সরকার, বিরোধী দল, বিশেষ কোনো ব্যক্তি এবং অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করে থাকেন।
ফলে, গবেষণা অনুসারে শতকরা ৯৯ ভাগ মানুষ গণমাধ্যমে প্রকাশিত এসব তথ্য বিশ্বাস করতে পারছেন না। এ ছাড়াও বর্তমান সময়ে মিডিয়া হাউসগুলোর দিকে তাকালে দেখা যায়- তথ্য সংগ্রহে বাধা দেয়া বা তথ্য না দেয়া, সরকারের সদিচ্ছার অভাব ও ভুল তথ্য প্রদান, ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়, রিপোর্টারদের নিয়মিত কাজের চাপ ও তার ফলে মানসম্পন্ন সংবাদের ঘাটতি, সাংবাদিকদের নিরাপত্তা, অনেকের এজেন্ডা বাস্তবায়ন ইত্যাদি।
এছাড়াও, সংবাদ মাধ্যমে নির্ভুল তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট-চেকারদের সাথে সমন্বয় ও কীভাবে তথ্য যাচাইয়ের বিষয়টি ক্রমশ স্থিত হয়ে আসছে। গত বছর দেশের গণমাধ্যমগুলোতে ভুয়া খবর বেশি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেক পার্টনার বুম বাংলাদেশ গত বছর দেশের গণমাধ্যমে ৪৪টি ভুয়া ও বিভ্রান্তিকর খবর চিহ্নিত করেছে। ফেসবুকে শেয়ার হওয়া ভুয়া খবর চিহ্নিত করে গণমাধ্যমগুলোর রেটিং করেছে তারা। বুম বাংলাদেশ ২০২০ সালে দেশের মূলধারার গণমাধ্যমগুলো থেকে ফেসবুকে শেয়ার হওয়া ভুয়া খবর চিহ্নিত করার কাজ শুরু করে।
বুম বাংলাদেশ এক প্রতিবেদনে জানায়, গেল বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জেনারেটেড কন্টেন্ট (টেক্সট, ছবি ও ভিডিও) যেমন মানুষের মাঝে সাড়া জাগিয়েছে তেমনি ভুয়া খবর প্রতিরোধের ক্ষেত্রেও নতুন নতুন শঙ্কা তৈরি করেছে। ভুল তথ্যের প্রবাহের ধারায় ভুয়া মিডিয়া ফটোকার্ড বা নিউজ কার্ড এবং এর এডিটেড ভার্সন নতুন মাত্রা যুক্ত করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হলেও মূলত ২০২৩ সালই ছিল নির্বাচনের বছর। ফলে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়েও নানা ভুল তথ্য প্রচারিত হয়েছে সামাজিক মাধ্যমে। এছাড়া বিভিন্ন দিবস, উৎসব, ঘটনা আর নতুন প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি বিভিন্ন ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যের প্রবাহ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সর্বব্যাপী এই সাংবাদিকতার যুগে, সত্য তৈরি করার এই ধ্বংসাত্মক প্রতিযোগিতার যুগে, সাংবাদিকতাকে তার সাবেকি দায়িত্বটুকু মনে করিয়ে দেয়া জরুরি। এজন্য সংবাদমাধ্যমকে নজরদারির মধ্যে আনা জরুরি। সরকারি বা আইনি নজরদারি নয়, বরং গণনজরদারি। সেটার নানা উপায় আছে। সবচেয়ে জরুরি যেটা, প্রতিটি সংবাদমাধ্যম তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তথ্য যাচাই করবে। নিশ্চিত না হয়ে কোনো সংবাদ প্রচার করবে না। কিন্তু এই সামর্থ্য, সাহস, প্রস্তুতি ও প্রতিজ্ঞা অধিকাংশ সংবাদ মাধ্যমের থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
ফলে এসব বক্তব্য বলেও লাভ নেইা। খুব সাম্প্রতিককালে ‘ফ্যাক্ট চেকিং’ বলে একটি উদ্যোগ শুরু হয়েছে। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকে অনেকটা কাউন্টার জার্নালিজম বা প্রতিসাংবাদিকতা বলা যায় সংবাদ মাধ্যমের তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। গণনজরদারি এবং সংবাদ মাধ্যমের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই তাকে প্রতিরোধ করতে হবে। নতুবা সাংবাদিকতার গণচরিত্রটি হারিয়ে যাবে, হারিয়ে যাবে বিশ্বাস যোগ্যতার ভিতটুকু। যেটা হারালে গণমাধ্যম বলতে কিছু থাকে না। এজন্য আলো-আঁধারের স্তূপের ভেতর থেকে পাঠককে আলোর সরোবরে নিয়ে আসার বিকল্প নেই।
মানবকণ্ঠ/আরএইচটি

