গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে।’
বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার একটি অন্যতম মূলনীতি হলো ‘সুযোগের সমতা’। আমাদের সংবিধানে কোথাও স্পষ্টভাবে কোটার বিষয় উল্লেখ না থাকলেও নারী বা শিশুদের অনুকূলে বা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের অগ্রগতি বা উপযুক্ত প্রতিনিধিত্ব লাভের জন্য প্রচলিত নীতি ও অধিকারের লঙ্ঘন বিশেষ বিধান প্রণয়নের কথা বলা হয়েছে। তবে, সংবিধানের অনুচ্ছেদ ২৮ এর দফা (৪) এ বলা হয়েছে- নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এ অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।
অপরদিকে অনুচ্ছেদ ২৯ এর দফা ৩ (ক) এ বলা হয়েছে- এ অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হতে রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। সেখানে বলা হয়েছিল, ৯ম গ্রেড (পূর্বে ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেড (পূর্বে ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। যেখানে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ, উপজাতি ৫ ও প্রতিবন্ধীর ১ শতাংশ কোটা বাতিল করা হয়।
বর্তমানে কোটা ব্যবস্থা আবারও নতুন করে আলোচনায় এসেছে কারণ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। এতে সাধারণ শিক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার হবে।
১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের সন্তানদের সুবিধা দেয়ার জন্য প্রথমে এ কোটা চালু করা হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। বিশেষভাবে মুক্তিযোদ্ধা ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু করা হয় এ কোটা। ক্রমান্বয়ে এই কোটার পরিধি বেড়েছে। এখন মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য এ কোটা প্রযোজ্য হচ্ছে। কিন্তু সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান আমলে মানুষ চাকরি পেত না পক্ষপাতিত্বের কারণে। আর বর্তমান সময়ে মানুষ চাকরি পাচ্ছে না মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা, উপজাতি কোটা, প্রতিবন্ধী ও পোষ্য কোটা ব্যবস্থা নামক এসব বৈষম্যের কারণে।
চাকরির বাজারের ক্ষেত্রে দেখা যায় যে, পাকিস্তান আমল থেকে অবস্থার উন্নতি না হলেও অবনতির মাত্রা বেশ উচ্চপর্যায়ে পৌঁছেছে। কোটা ব্যবস্থা মূলত রাখা হয় প্রান্তিক (অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী) জনগোষ্ঠীকে কোন দেশের মূল জনগোষ্ঠীর সমপর্যায়ে আনার লক্ষ্যে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার যে সুবিধা রাখা হয়েছে তার পরিমাণ খুবই নগণ্য। এমনকি পরবর্তী সময়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অবস্থার উন্নতি ঘটলে কোটা ব্যবস্থার সংস্কার করা হয়। পাকিস্তান এবং ভারতের ক্ষেত্রেও এমন সংস্কার লক্ষ্য করা যায়।
আমাদের দেশে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে চাকরি পর্যন্ত কোটাধারীদের সর্বোচ্চ সুযোগ প্রদান করা হচ্ছে। কোটা পদ্ধতির সুযোগ নিয়ে কম মেধাবী এমনকি ভর্তি হওয়ার অযোগ্য ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। যেখানে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেয়ে মৃত্যুকে বেছে নিচ্ছে, যেখানে একজন চাকরিপ্রত্যাশী চাকরি না পাওয়ার যন্ত্রণা থেকে মৃত্যু-যন্ত্রণাকে অধিক শ্রেয় বলে মনে করে, সেখানে কোটা নামক এসব বৈষম্য অভিশাপের নামান্তর ছাড়া আর কিছুই নয়। তাছাড়া, সমাজের আরও বিভিন্ন ক্ষেত্রে এসব বৈষম্য চরম আকার ধারণ করেছে।
দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতিবছর বিদেশে পাড়ি জমায় কারণ আমাদের দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই, নেই কোনো সুযোগ-সুবিধা। ফলে দেখা যায় প্রকৃত মেধা দেশ থেকে হারিয়ে যাচ্ছে। এতে দেশ ও দশ উভয়েরই ক্ষতি হচ্ছে। চীন জনশক্তিকে আশীর্বাদস্বরূপ মনে করে। তাদের উন্নতির অন্যতম মূলমন্ত্র দক্ষ জনশক্তি। বর্তমান বিশ্বে দক্ষ জনবলই অর্থনীতির মূল মেরুদণ্ড। বাংলাদেশ সেখানে দক্ষ জনশক্তি গড়ার ভিতকেই নড়বড়ে করে রেখেছে। এক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়ন তো সম্ভবই নয় বরঞ্চ প্রকৃত মেধা হারিয়ে যাওয়ায় দেশ আরও দুর্নীতির দিকে ধাবিত হবে। যদিও ইতোমধ্যেই দুর্নীতিতে আমাদের আর খুব বেশি উন্নয়নের জায়গা নেই। অযোগ্য ব্যক্তিরা বিশেষ সুবিধাপ্রাপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে স্বভাবতই দুর্নীতি ও অনিয়মের মতো কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। বর্তমানে যা আমাদের দেশে চলমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যৌথভাবে দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-জাহাঙ্গীরনগর-ব্র্যাক-নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর এক জরিপ করেছিলেন। জরিপের পর তারা বলেছিলেন ছাত্রছাত্রীরা অধিকাংশই বিষণ্ণতায় ভোগেন। এর মূল কারণ লেখাপড়া শেষ করে চাকরির অনিশ্চয়তা। যাদেরকে ‘আগামীর স্বপ্ন’ বলা হয়, কোটা পদ্ধতির কারণে চাকরি নামের সোনার হরিণের জন্য তাদের আর কতদিন এই অনিশ্চয়তায় ভুগতে হবে? এই অনিশ্চয়তার কারণে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী আত্মহত্যার পথ বেছে নেয়।
কোটা নামক এই বৈষম্য কমানোর মাধ্যমে আমাদের ‘আগামীর স্বপ্নবাজদের’ হতাশা কমানো সম্ভব, বেঁচে থাকার ইচ্ছা যোগানো সম্ভব। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেখানে শূন্য কোটায় সাধারণ চাকরি প্রার্থীদের সুযোগ দেয়া উচিত ছিল সেখানে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কোটা পূরণ না হওয়ায় তাদের নাতি-নাতনিদের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে যা অনৈতিক। মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান এটা অনস্বীকার্য। মুক্তিযোদ্ধাদের জন্য যে বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে সেটা থাকতেই পারে। সে কারণে তার ছেলেমেয়েরা সুবিধা পাবে তাও ধরা যায়। কিন্তু ওই পরিচয়ে আরো দু/এক সিঁড়ির লোকজন সুবিধা নিলে ব্যাপারটা কেমন দাঁড়ায়।
এরপরে আসে ৫০ বছর পরে মুক্তিযোদ্ধা প্রসঙ্গ। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বিতর্ক আজও শেষ হয়নি। দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধা সংসদে গেলে দেখা যাবে অভিযুক্ত মুক্তিযোদ্ধা রয়েছে এখনও। তারা যদি সার্টিফিকেট দেখিয়ে অহরহ অনিয়ম করে তাহলে কি করা হবে? এসব বিতর্ক একজন মুক্তিযোদ্ধার আত্মসম্মানে লাগে।
কিন্তু সংবাদপত্রে বিভিন্ন সময় এসব প্রসঙ্গ আসলে করার কিছুই থাকে না। এভাবে কি মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হয় না? এতসব অনিয়ম, দুর্নীতির জন্যই কি তারা দেশ স্বাধীন করেছিল? পূর্বে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে কোটা ব্যবস্থা চালু হলেও বর্তমানে তা রাজনৈতিক রূপ নিয়েছে।
মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল না করে সেটি সংস্কার করা প্রয়োজন। কোটা থাকুক তবে সেটি ৩০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা উচিত। কোনো চাকরির ক্ষেত্রে মোট প্রার্থীর ৩০ শতাংশই যদি কোনো একটি নির্দিষ্ট শ্রেণি থেকে নেয়া হয় তাহলে সেটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয় না। এমন হলে মেধাবীরা কোথায় যাবে? যোগ্যরা কোথায় যাবে?
দেশের সর্বোচ্চ আইন সংবিধান সমতার কথা বলে। সংবিধান ও আইন মেনে চলা দেশের প্রতিটি নাগরিকের জন্য কর্তব্য। শাসক শ্রেণিও এর ঊর্ধ্বে নয়। ফলে সরকারের অনতিবিলম্বে কোটা পদ্ধতির সংস্কার করা জরুরি। সাধারণ শিক্ষার্থীদের কোটা নামক এই বৈষম্য, অভিশাপ থেকে মুক্তি দেয়া জরুরি।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

