বরাবর আগের মতো এবারেও ঢাকার দুই অংশেরই উন্নয়ন কাজের সময় বেছে নেয়া হয়েছে সেই বর্ষাকালেই। বর্ষাকাল সড়ক উন্নয়নের জন্য কর্তৃপক্ষের এত প্রিয় কেন আমাদের বোধগম্য নয়। বিস্ময়ের ব্যাপার হলো বহুকাল ধরে দেশে বর্ষার মৌসুম শুরু হলেও রাজধানীর বিভিন্ন সড়কে শুরু হয় খোঁড়াখুঁড়ি। কোথাও খোঁড়াখুঁড়ির পর ফেলে রাখা হয়েছে ক্ষতবিক্ষত সড়ক।
বর্তমানে চলছে বর্ষাকাল। এ সময়ে পুরান ঢাকার ৬১ নম্বর ওয়ার্ডের পাটেরবাগ, নোয়াখালী পট্টি, দক্ষিণ দনিয়া, বর্ণমালা স্কুল রোড, একে স্কুল রোড, ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি স্কুল রোড, নয়ানগর কুতুবখালী, ছনটেক, গোবিন্দপুর, বাগানবাড়ি, মেধাবাড়ি, শেখদি আব্দুল্লাহপুর মোল্লা স্কুল রোড এবং ৬৩ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল কবরস্থান রোড, সুলতানা মেম্বার বাড়ির রোডের অবস্থাও করুণ। ঢাকার দুই সিটি বিভিন্ন এলাকায় এমন সড়কের পরিমাণ প্রায় ৩০০ কিলোমিটার।
ক্ষতবিক্ষত, খানাখন্দে ভরা এসব সড়ক বৃষ্টিতে হয়ে পড়ে জলাবদ্ধ ও কর্দমাক্ত। এসব সড়কে চলাচলকারী নগরবাসীকে শিকার হতে হচ্ছে অন্তহীন দুর্ভোগের। পুরান ঢাকার ৪৮ ওয়ার্ডের কলার আড়ত, কবরস্থান রোড, সায়েদাবাদ পাম্পের গলি, বিবির বাগিচা এসব এলাকার সড়কগুলোর অবস্থা এতই করুণ যে, ওই এলাকা দিয়ে চলাচল করা দুরূহ হয়ে পড়ছে। ওই এলাকায় ঢাকা ওয়াসার পানির লাইন অনেক পুরনো। ওই পানির পাইপলাইন পরিবর্তন করার কাজ করছে ওয়াসা। বেশ আগে কাজ শুরু হলেও ঢিমেতালে কাজ চলায় পরিস্থিতি নাজুক অবস্থায় দাঁড়িয়েছে। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার ঢিমেতালে কাজ করছে। সড়ক খুঁড়ে ক্ষতবিক্ষত করে রেখেছে। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।
বর্ষা চলে আসায় ভোগান্তির মাত্রা বেড়েছে। ঢাকা উত্তর সিটির তুরাগ, উত্তরখান ও দক্ষিণখানের সড়কগুলোও দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। বর্ষায় ওইসব এলাকার চলাচল যে কতটা ভয়াবহ এবং বিপজ্জনক সেটা কেবল স্থানীয়রাই জানেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটির উত্তর শাহজাহানপুর, লালবাগসহ মহানগরীর বিভিন্ন এলাকার সড়কে উন্নয়ন কাজ চলছে। একই অবস্থা ঢাকা উত্তর সিটির রায়ের বাজার, শেখেরটেক, চন্দ্রিমা উদ্যান, শেরশাহ সূরী রোড, নূরজাহান রোডসহ আশপাশের বেশ কিছু সড়ক খুঁড়ে ঢাকা ওয়াসার পানির পাইপলাইন বসিয়েছে। তবে সড়কগুলো এখনো পুরোপুরি সংস্কার হয়নি। এজন্য ওইসব সড়কে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা।
এছাড়া নতুন করে কুড়িল প্রগতি সরণি সড়কে মেট্রোরেল-১ এর নির্মাণ কাজের জন্য সেবা সংযোগ প্রতিস্থাপন কাজ চলছে। এ কারণে বসুন্ধরা গেট, যুমনা ফিউচার পার্কের সামনের এলাকা পর্যন্ত তীব্র যানজট হচ্ছে।
নগর সংশ্লিষ্টরা জানান, বর্ষার মৌসুমে রাজধানীর সড়ক খুঁড়ে উন্নয়ন কাজ করার কথা নয়। সড়ক নীতিমালায় এই সময়ের কাজকে নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও সিটি করপোরেশনের নিজস্ব, বিভিন্ন সংস্থার প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। নীতিমালার শর্তগুলো বাস্তবায়ন উপেক্ষিত থাকছে। অর্থছাড়ে দেরি, বিদেশি ফান্ড ফেরত যাওয়া এবং অর্থবছরের মধ্যে কাজ শেষ করার তাড়া এসব দেখিয়ে বর্ষার মৌসুমেও সড়ক খুঁড়ে দেদারছে উন্নয়ন ও সংস্কার কাজ চলছে। এতেই জলাবদ্ধতা ও সড়ক কর্দমাক্ত হচ্ছে। ফলে সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জনগণের এই দুর্ভোগ কবে শেষ হবে সেকথা জানে না কেউ। তবে বর্ষার ভেতরে জনগণের এই মহাদুর্ভোগের ইতি না টানলে নাগরিক জীবন অন্তহীন দুর্ভোগে নিমজ্জিত হবে। তাই জনদুর্ভোগ কমাতে কাজ দ্রুত শেষ করা দরকার।
মানবকণ্ঠ/এআই

