একেকটি দুর্নীতির ঘটনা প্রকাশিত হচ্ছে আর মনে হচ্ছে একেকটা সুনামি বয়ে যাচ্ছে দেশের মানুষের উপর দিয়ে। এটা শুরু হয়েছিল একটি গ্রুপের বিরুদ্ধে একটি পত্রিকার এক লাখ কোটি টাকা পাচারের অভিযোগের মধ্য দিয়ে। এটা তখন ছিল প্রায় ১০ বিলিয়ন ডলারের সমান। বকেয়া বিল ও দেনা বাদ দিলে আমাদের রিজার্ভের কাছাকাছি। বিপরীতে বলতে পারি যদি ওই টাকা পাচার না হতো তাহলে আমাদের রিজার্ভও ১০ বিলিয়ন ডলার বেড়ে যেতো। ওই টাকা দেশে বিনিয়োগ হলে আমাদের উন্নয়নের গতিও বৃদ্ধি পেতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই ঘটনাটি সম্পূর্ণই চাপা পড়ে আছে।
এরপর আমরা দেখলাম, যুক্তরাষ্ট্র সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দিল। এর পরপরই আরেক সুনামি নিয়ে হাজির হলেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। এরপর ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে নিয়ে বিস্তর হইচইর রেশ যেতে না যেতেই সুনামি হিসেবে আসে রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমানের নাম। তারা যে শুধু অর্থ দুর্নীতি করেছেন তাই নয় দুর্নীতির সর্ববিশারদ হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। তারা পাসপোর্ট জালিয়াতি, ডক্টরেট ডিগ্রি জালিয়াতি, টাকা পাচার, সংখ্যালঘুদের সম্পত্তি দখল, স্বজনদের অনৈতিক সুবিধা দেয়াসহ অন্যান্য অপরাধও করেছেন।
একেকজন দুর্নীতি করে বনেছেন টাকার কুমির। এতো হইচই হলেও এদের কাউকেই এখনো আটক করা হয়নি। তারা কেউ যে দেশে রয়েছেন তারও কোনো নজির পাওয়া যাচ্ছে না। অবস্থা দেখে মনে হচ্ছে দুর্নীতির হরিলুট লেগেছে। মা যেনো উল্টে দিয়েছেন চেটেপুটে খেতে। তাদের দুর্নীতি প্রকাশিত হয়েছে ঘটনাচক্রে— কারোটা ব্যবসায়িক গ্রুপের দ্বন্দ্বে, কারোটা ছাগলকাণ্ডে।
আমি একটি ব্যাংকের এমডির বক্তব্য শুনেছিলাম। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, ‘যারা নিজেরা খেতে পারেন না তারা অন্যকেও খাওয়াতে পারেন না। আপনারা যারা একেবারেই দুর্নীতি করেন না তাদের জায়গা ব্যাংক নয়। আপনারা চাকরি ছেড়ে তাবলিগে চলে যান। দুর্নীতি হলো স্পিড মানি। নিজেরা খাবেন কিন্তু খেয়াল রাখবেন প্রতিষ্ঠান যেনো ক্ষতিগ্রস্ত না হয়।’ তিনি তার সহকর্মীদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমি নিজের বাড়ি করিনি। সব টাকাই এফডিআর করা। পারলে বলুন, দেশে-বিদেশে বিভিন্ন ব্যাংকে আমার কত টাকা আছে এফডিআর হিসেবে?’ কেউ কোনো উত্তর দিল না।
অবশেষে তিনি নিজেই বললেন, ‘আপনারা যে যা অনুমান করেছেন, তার চেয়েও অনেক বেশি টাকা আমার রয়েছে।’ তার বক্তব্য শুনে হতভম্ব হয়ে গেলাম। সেখানে সাংবাদিকদেরও কর্ণার ছিল। তিনিও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু কেউ কোথাও তা লিখেনি। তবে এর কিছুদিন পরেই জানলাম, দুদক তাকে ধরতে আসছে। দুদক তার অফিসে আসার আগেই তিনি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন। নিজের স্ত্রীকে রেখে পরকীয়া সম্পর্কে জড়িত থাকা মামিকে নিয়ে পালিয়ে যান মালয়েশিয়াতে। সেখানে নাকি তার বিস্তর সম্পত্তি রয়েছে। এর পরপরই পালিয়ে যায় আরেক ব্যাংকের এমডি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। তিনিও কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিলেন।
ব্যাংকগুলোর শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সর্বত্রই অনিয়ম ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। হলমার্ক কেলেঙ্কারির সময় শুনেছিলাম ওই শাখার এমন কেউই বাকি ছিলেন না যিনি দুর্নীতির ভাগ পাননি। সম্প্রতি দুজন ব্যাংক কর্মকর্তার সাথে কথা হলো মতিঝিলে। যাদের একজনের বাড়ি দিনাজপুর এবং আরেকজনের বাড়ি যশোর। পদন্নোতির কারণে দিনাজপুরের কর্মকর্তাকে বদলি করা হয়েছিল ঢাকার একটি উপজেলায়। তার স্ত্রী চাকরি করেন দিনাজপুরে। তার পিতা-মাতা অসুস্থ। স্ত্রীর পক্ষে দুই সন্তান সামলানো অসম্ভব। পুরো পরিবারটিই মারাত্মক সংকটে পড়ে। প্রথমেই তিনি ৫০ হাজার টাকা দিয়ে আসেন আবারো বগুড়াতে বদলির জন্য। কিন্তু হবে হবে করেও হচ্ছিল না। এরপর সে টাকার আংশিক উঠিয়ে আরেকজনকে দেন ৭৫ হাজার টাকা। অফিস ফেলে নিয়মিতই দৌড়াতে থাকেন বদলির জন্য। তাতে তিনি আবারো বদলি হতে পারেন দিনাজপুরেই। মাঝখান থেকে মাকে হারান। স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়। ব্যয় হয়ে যায় লাখ খানেক টাকা। যশোরের কর্মকর্তারও কাছাকাছি অবস্থা। তিনি আবার যশোরে ওই ব্যাংক থেকেই ঋণ নিয়ে বাড়ি করেছেন। তিনিও শেষ পর্যন্ত লাখ খানেক টাকা ব্যয় করে অর্ডার করান।
তাদের কাছেই জানলাম, এমন বিস্তর ঘটনার কথা। এমন হয়রানির মধ্যে পড়েই কর্মকর্তারা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ হয়ে উঠেন আবার দুর্নীতিতেও জড়িয়ে পড়েন। কারণে-অকারণে চাঁদাবাজির শিকার হন কর্মকর্তারা। একেকজন ব্যবস্থাপক হয়ে উঠেন ঊর্ধ্বতনদের টাকার উত্স। ফলে ব্যবস্থাপকগণও বাধ্য হন দুর্নীতিতে নিমজ্জিত হতে। পুলিশ বিভাগে কি একজন সৎ ওসির পক্ষে চাকরি করা সম্ভব? বাস্তবিক সম্ভব নয়।
আমার এক আত্মীয় ছিলেন এক থানার ওসি। ছাত্রজীবনে ভালোই ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলাম যেকোনো মূল্যেই সত্ থাকার চেষ্টা করবো। কিন্তু দ্রুতই বুঝতে সক্ষম হন, এ এক অসম্ভব প্রতিজ্ঞা। তিনি কিভাবে বাধ্য হন তার বিস্তর গল্পই করেছিলেন আমার সাথে।
কেবল পুলিশই নয় প্রতিটি বিভাগ যে যেভাবে সুযোগ পায় সে সেভাবেই দুর্নীতিতে নিমজ্জিত হয়। একজন প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি একটি প্লট ও একটি ফ্ল্যাট বায়না করেন কিস্তিতে পরিশোধ করার জন্য তাহলে তার বাড়তি আয় ছাড়া কোনো গতিই থাকে না। এনজিও থেকে ঋণগ্রহণকারীদের সপ্তাহ একটি বিরাট যন্ত্রণা। যারা ঠিকমতো টাকা কাজে লাগাতে পারে না তারা হন্যে হয়ে টাকা খুঁজতে থাকে। বিশেষ করে নারীরা বিপর্যস্ত হয়ে পড়ে টাকা সংগ্রহ করতে অথচ ঋণ নিয়ে তিনি টাকা তুলে দিয়েছেন স্বামীর হাতে। স্বামী যদি টাকা উড়িয়ে দেয় বা লোকসান খায় তাহলে মহাবিপদই নেমে আসে ওই নারীর উপর। স্বামীতো থাকে ধরাছোঁয়ার বাইরে।
ঠিক একই অবস্থা হয় নব নিয়োগ পাওয়া বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদেরও। তাদের মাসিক কিস্তি দিতে হলে, দুর্নীতি ছাড়া কোনো পথ থাকে না। তারা একটু সময় নিলে এতো প্যারা ছাড়াই বাড়ির মালিক হতে পারেন। কিন্তু ঊর্ধ্বতনরা শিখিয়ে দেন, শুরুতেই যা করার করে ফেলতে হবে। বাস্তবিক দুর্নীতির এক দৌড়ের মধ্যেই ফেলে দেয়া হয় নবীনদেরও। এটা এমন এক চক্র যা থেকে বেরিয়ে আসতে পারছে না দেশটি।
আজ স্পষ্ট হয়েছে যে, দুর্নীতি মহামারী আকারেই ছড়িয়ে পড়েছে এবং সেখানে দুদক খুবই খুদে আকৃতিতে পরিণত হয়েছে। কেবল সরকারি কর্মকর্তা/কর্মচারীই নন, বাস্তবিক দুর্নীতির চক্রে আবদ্ধ হয়ে পড়েছেন বহু রাজনৈতিক নেতৃত্বও।
আমাদের গ্রামের হাসপাতালটি ১৮৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। সরকারই ১০ শয্যার হাসপাতাল করার জন্য জমিদার হরেন্দ্রলাল রায়ের কাছ থেকে একোয়ার করেছিল। হঠাত্ই দেখলাম, একজন রাজনৈতিক নেতা সেটা দখল করে ফেলল। এসি (ল্যান্ড)-এর সাথে কথা বললাম। তিনি জানালেন, ওই নেতা ভাইতো ভালো মানুষ বলে হাসপাতাল ভবনটি দখল করেননি। তিনি যে জায়গা লিজ নিয়েছেন তাতে হাসপাতাল কক্ষটিও পরে। ওনি বরং ছাড় দিয়েছেন। যতই বলি এটা সরকারের একোয়ার করা জায়গা, ওনার নামে লিজ হয় কিভাবে? এসি (ল্যান্ড) এক কথার মানুষ। জমিদার রমেন্দ্রনাথ রায়ের ২৫ একরের বাড়িটি যখন জনৈক প্রতারক নিজেকে জমিদারের নাতি সাজিয়ে নামজারি করে ফেলে ৫ একরের পুকুরটি ভরাট করা শুরু করলো তখনও এসি (ল্যান্ড) বললেন, ওনার পুকুর ওনিতো ভরাট করবেনই। যখন জলাশয় ভরাটের আইনের কথা স্মরণ করিয়ে দেই তখন বলে, তাহলে পরিবেশ দপ্তরের সাথে যোগাযোগ করেন। এসব টালবাহানার মধ্যেই ওই লোক জমি বিক্রি করে দেন এবং নতুন ক্রেতাও পুকুরটি ভরাট করে ফেলেন।
এরপর বাংলার প্রথম বিচারপতি চন্দ্রমাধব ঘোষের স্ত্রীর নামে থাকা ‘হেমসাগর দীঘি’টি যখন হাতবদল হলো এবং দীঘিটি ভরাট শুরু হলো তখন স্থানীয়রা একটি মানববন্ধনের উদ্যোগ নিলে এসিল্যান্ড ফোন করে হুমকি দেয়, মানববন্ধন করলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দিবে। কি বিস্ময়কর! রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার মানববন্ধন করতে গিয়ে লোকেরা রাষ্ট্রবিরোধী মামলা খাওয়ার হুমকি পাবে। এই পুকুরটিও প্রায় ভরাট হয়ে গিয়েছে।
এক কোরবানি ঈদের আগে, ঢাকার এক থানায় যাই অপহরণ বিষয়ে কথা বলতে। ওসি সাহেব আকাশ থেকে পড়লেন। তিনি ওই এলাকায় ১২ বছর ধরে চাকরি করছেন। কখনো অপহরণের ঘটনাই ঘটেনি। ঈদ উপলক্ষে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে সভা করছিলেন কিভাবে পরিবহন খাত থেকে বিরাট অংকের টাকা চাঁদা তোলা যায় এবং তা দিয়ে সবাই উইন উইন অবস্থায় থাকতে পারেন। পরে অনুসন্ধান করে দেখি ওই থানায় প্রতিনিয়তই প্রশাসনের পরিচয়ে অপহরণের ঘটনা ঘটে। বিশেষ করে তারা স্বর্ণব্যবসায়ী ও হুন্ডি ব্যবসায়ীদের টার্গেট করে তাদের অপহরণ করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে কোথাও নামিয়ে দেয়া হয়। একজন এসআই জানালেন, গতকালই থানায় আরেকটি অপহরণের মামলা হয়েছে। পরে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার ফোনে অপহরণের মামলাটি নিতে বাধ্য হন।
এসবের পেছনেই দুর্নীতি জড়িত। মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এক সর্বগ্রাসী দুর্নীতি জাতির উপর চেপে বসেছে। শীর্ষ পর্যায়ের ক্ষমতায় থাকারা তাদের মাপের দুর্নীতি করছে, নিচের পর্যায়ে দুর্নীতি হচ্ছে তাদের মতো। এমনকি ভোটারগণও বিপুলভাবেই ভোট দিচ্ছেন টাকার বিনিময়ে। সেটাও একটা দুর্নীতি। এর থেকে রক্ষার যেন কোনো কূল-কিনারা নেই।
লেখক: কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

