দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার উপায় ও করণীয় নিয়ে আলোচনা করতে একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগামী রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া। সভায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে ১৬ জন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সূত্র জানায়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে কতটি বিদ্যালয় এই সুবিধার আওতায় আসবে, কোন ধরনের প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে এবং শর্তাবলি কী হবে—তা রোববারের বৈঠকে আলোচনার পর স্পষ্ট হতে পারে। এছাড়া বৈঠক থেকে সরাসরি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়েও সভায় আলোচনা হবে।

