উদ্যোক্তা তৈরি ও শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে দক্ষ করে তুলতে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। এতে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. দেওয়ান হাসান আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে দক্ষ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তা, ব্যবসায়িক নেতৃত্ব ও আত্মকর্মসংস্থানের সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন। শুধু চাকরির প্রত্যাশী না হয়ে নিজেদের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বিসিক ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিসিক ট্রেনিং ইনস্টিটিউটও দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তর ও উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার সঙ্গে বিসিকের অভিজ্ঞতার সমন্বয় নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলা এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা, প্রকল্প প্রস্তাব তৈরি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, উদ্ভাবনী উদ্যোগে উৎসাহ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এ কর্মসূচির মূল লক্ষ্য।
এনআর/এমজেড





