গেল কয়েক বছরে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমাগুলো ঘোষণাতেই আটকে রয়েছে। সর্বশেষ যোগ হলো ‘শের খান’ সিনেমাটি।
গেল বছরের নভেম্বরে শাকিব তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এক ভিডিও বার্তায় এই অভিনেতা বলেছিলেন-চমক নিয়ে ফিরবেন পর্দায়। একাধিকবার শুটিং ডেট পরিবর্তন করে জানানো হয়েছিল মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে।
তবে একাধিক সূত্র জানিয়েছে, নানা কারণে ‘শের খান’ সিনেমার শুটিং মার্চে করা সম্ভব হচ্ছে না। কবে শুরু হবে সে বিষয়টিও চূড়ান্ত নয়। ছবিটির প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি। ‘শের খান’ ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার।

