প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয়ের ইচ্ছা পূরণ হলো বেশ কিছুদিন আগে। ‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানৌতকে। তবে এবার বাস্তবে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এ বলিউড অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অব হায়দরাবাদ’ ছবির ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।
ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, ‘আমি শুধু ইমার্জেন্সি নামে একটি সিনেমা করেছি মাত্র। আর সেই ছবি দেখার পর আমার মনে হয় না, কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।’
এককথায় তিনি এখানে জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর ভূমিকার প্রসঙ্গ টেনে নেতিবাচক দিকটিতেই ইঙ্গিত করতে চেয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট থেকে ভারত শাসনের ইঙ্গিতই পাওয়া যায়। এমনিতেও এ অভিনেত্রী অনেক দিন ধরেই রাজনৈতিক দল বিজেপির পক্ষ হয়ে সব সময় কথা বলেন।
২০২০ সালে বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকারের তরফে বিশেষ নিরাপত্তা পেয়েছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন তিনি। তাঁর দলের হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নেওয়ারও ইচ্ছা প্রকাশ করতে দেখা গেছে এ অভিনেত্রীকে। ক’দিন আগে দ্বারকায় গিয়ে সরাসরি বলেও ফেলেছেন, ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে নির্বাচনে লড়ব।’
প্রথমে শোনা যাচ্ছিল, নিজের জন্মস্থান হিমাচল প্রদেশ থেকে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন। এখন শোনা যাচ্ছে, বিজেপির জয়ী আসন চণ্ডীগড়েই দাঁড়াবেন তিনি। এতকিছুর মধ্যেই এবার তাঁকে ঘিরে প্রশ্ন উঠেছে, তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে চান কিনা? সুচতুরভাবে এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টগুলো ইঙ্গিত দিয়ে চলেছে অন্যকিছুর।
মানবকণ্ঠ/এআই

