দীর্ঘ জটিলতা ও সেন্সর বোর্ডের বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। দেশের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত এই ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাবে। প্ল্যাটফর্মটির একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, সব ঠিক থাকলে চলতি ডিসেম্বরেই দর্শকরা এটি দেখতে পাবেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ফিল্মটির টিজার প্রকাশের পরই এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। টিজারে সাংবাদিক দম্পতি খুনের ঘটনা এবং তদন্তের দীর্ঘসূত্রতার ইঙ্গিত থাকায় দর্শকরা ধারণা করেন, এটি সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরেই নির্মিত। গত বছরই সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনীতে আপত্তি জানায় এবং ছাড়পত্র স্থগিত করে।
সেন্সর বোর্ড তখন আপত্তি জানিয়ে উল্লেখ করেছিল, ফিল্মটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে এবং এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তব ঘটনার সঙ্গে হুবহু মিলে যায়। যেহেতু ওই হত্যাকাণ্ডের মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন, তাই ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তকাজে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই তখন এটি আটকে দেওয়া হয়েছিল।
সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে ঝুলে ছিল ‘অমীমাংসিত’-এর ভাগ্য। তবে আইস্ক্রিন সূত্র জানিয়েছে, অবশেষে সেই আইনি ও প্রশাসনিক জটিলতার জট খুলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকরা এই ডিসেম্বরেই রহস্যঘেরা এই গল্পটি পর্দায় দেখতে পাবেন।
থ্রিলার ও রহস্যধর্মী এই ওয়েব ফিল্মটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ১২ বছরেও যে হত্যাকাণ্ডের রহস্যভেদ হয়নি, পর্দায় তার কতটুকু উঠে এসেছে তা দেখার অপেক্ষায় এখন দর্শক।

