স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। অবশেষে নীরবতা ভাঙলেন ব্যক্তিগত জীবন নিয়ে টানা বিতর্কে থাকা এই অভিনেতা।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ স্পষ্ট ভাষায় সব অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কবে অভিযোগ ওঠেনি? কিন্তু কোনো অভিনেত্রী বলতে পারবেন না যে আমি কাউকে হয়রানি করেছি বা খারাপ ব্যবহার করেছি। আমি সব নায়িকা ও সহকর্মীদের ধন্যবাদ জানাই।’
স্ত্রী সুনীতা আহুজার বক্তব্য প্রসঙ্গে গোবিন্দ বলেন, ‘তিনি যেসব শব্দ ব্যবহার করছেন, সেগুলো আমি পছন্দ করি না। আমি নতুন প্রজন্মের শিল্পীদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি সবার সঙ্গে কাজ করতে চাই। কেউ যেন ভয় না পায়-আমার সঙ্গে কাজ করলে কী হবে, এই চিন্তা যেন না করে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা গোবিন্দর নামের সঙ্গে এক নারীর নাম জড়িয়ে মন্তব্য করেন এবং সেই নারীর নামও প্রকাশ্যে উল্লেখ করেন।
এই প্রসঙ্গে গোবিন্দ বলেন, ‘যে নামটি বলা হচ্ছে-কোমল, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ এত কিছুর পরও তিনি একবারও মুখ খোলেননি। তার নীরবতাই আমাকে আজও সুরক্ষিত রেখেছে।’
প্রসঙ্গত, কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা ‘কোমল’ নামটি নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়।




Comments