Image description

বাংলাদেশে নবগঠিত সরকারের কার্যক্রম শুরু হওয়ার পর জনমনে ব্যাপক আশার সঞ্চার হলেও, কয়েকজন মন্ত্রীর অপ্রাসঙ্গিক বক্তব্য ও ‘অতিকথন’ নিয়ে জনমনে বিতর্ক ও অস্বস্তি তৈরি হয়েছে। দাপ্তরিক এখতিয়ারের বাইরে গিয়ে দেওয়া এসব বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন নাগরিক সমাজ। এই প্রেক্ষাপটে বিশিষ্ট অভিনেতা ও সচেতন নাগরিক সোহেল রানা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রীদের বক্তব্যের ওপর লাগাম টানার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল রানা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদের প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই।"

তিনি আরও পরামর্শ দেন যে, প্রতিটি দপ্তরের সুনির্দিষ্ট কোনো সংবাদ থাকলে তা সংশ্লিষ্ট মুখপাত্রের মাধ্যমেই জানানো উচিত। বিশেষ প্রয়োজনে কোনো মন্ত্রী যদি গণমাধ্যমের সামনে আসতে চান, তবে প্রধানমন্ত্রীর পূর্বানুমতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

সোহেল রানা তাঁর পোস্টে ‘স্টেপ জাম্প’ করে মন্ত্রী হওয়া ব্যক্তিদের আচরণের সমালোচনা করে বলেন, "নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন, এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের ওপর এবং আপনার ওপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।"

উল্লেখ্য, গত কয়েক দিনে সরকারের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকজন মন্ত্রীর বিভিন্ন সভা ও টকশোতে দেওয়া বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে। নেটিজেনদের অনেকেই সোহেল রানার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলছেন, একটি শৃঙ্খলিত ও দায়িত্বশীল সরকার উপহার দিতে মন্ত্রীদের ব্যক্তিগত ও দলীয় আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

মানবকণ্ঠ/ডিআর