কূটনৈতিক আলোচনার মাঝেই রূপালি পর্দার ছোঁয়া দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি ভারত সফরকালে এক আলাপচারিতায় ম্যাক্রোঁ প্রকাশ করেছেন তার প্রিয় বলিউড তারকার নাম। কোনো দ্বিধা ছাড়াই তিনি জানান, হিন্দি সিনেমায় তার পছন্দের অভিনেতা হলেন অনিল কাপুর।
ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ব্রুট ইন্ডিয়া’-র সঙ্গে কথা বলার সময় ম্যাক্রোঁকে তার প্রিয় ভারতীয় অভিনেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, ‘গতকালই আমি ‘জয় হো’ (স্ল্যামডগ মিলিয়নিয়ারের গান) প্রসঙ্গে কথা বলেছি, তাই আমি অনিল কাপুরের নামই বলব।’ তার এই মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কূটনীতির সঙ্গে জনপ্রিয় সংস্কৃতির এক দারুণ সমন্বয় দেখা গেছে।
মুম্বাই সফরের সময় ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের একঝাঁক উজ্জ্বল নক্ষত্রের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। আইকনিক গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে আয়োজিত এই মিলনমেলায় বলিউড থেকে উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, অনিল কাপুর, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি এবং রিকি কেজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে ম্যাক্রোঁ লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের ঐক্যবদ্ধ করে।’
বিশেষ এই সাক্ষাতের পর অভিনেতা অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছবি শেয়ার করে ফ্রান্স প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান- সিনেমা, সংস্কৃতি এবং ভারত ও ফ্রান্সের মধ্যকার শক্তিশালী সেতুবন্ধন নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘গল্প বলার শিল্প’ (Storytelling) কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়েও তিনি আলোকপাত করেন।




Comments