Image description

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। সাত বছরের প্রেমের পর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুর-এ ঘনিষ্ঠ পরিসরে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

দুই তারকার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। বরাবরই তারা সম্পর্ককে বন্ধুত্ব বলে এড়িয়ে গেছেন। তবে সম্প্রতি নিজেরাই সম্পর্কের কথা স্বীকার করেন। অবশেষে রাজকীয় আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন তারা। ভক্তদের দেওয়া ডাকনাম অনুসারে নিজেদের এই মিলনের নাম দিয়েছেন ‘ভিরোশ’।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১০টা ১০ মিনিটের পর বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন তাদের বিয়ের অফিসিয়াল ছবি ও ভিডিও প্রকাশের। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে এদিকে এআই দিয়ে তৈরি কিছু ভুয়া বিয়ের ছবিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অনেকে।

রাশমিকা ও বিজয়ের প্রেমের সূচনা হয় একসঙ্গে কাজ করার মাধ্যমে। তারা জুটি বেঁধে অভিনয় করেন গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড-এ। পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবনের সম্পর্কের শুরু।

বিজয় দেবরাকোন্ডা অর্জুন রেড্ডি সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। অন্যদিকে রাশমিকা মান্দানা পুষ্পা: দ্য রাইজ ও অ্যানিমাল-এর মতো সফল সিনেমার মাধ্যমে সর্বভারতীয় তারকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

মানবকণ্ঠ/আরআই