Image description

ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। ইকরার মৃত্যুর পর তাঁর বাবা বাদী হয়ে আলভীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) নিশ্চিত করেছেন যে, মামলায় জাহের আলভীকে এক নম্বর আসামি করা হয়েছে।

এদিকে, নেপাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জাহের আলভী। তিনি জানান, শুটিংয়ের কাজে দেশের বাইরে থাকাকালীন তিনি এই দুঃসংবাদ পান এবং এতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। তিনি আরও অনুরোধ করেন, এই কঠিন সময়ে কেউ যেন কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়ান এবং তাঁর পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকেন।

উল্লেখ্য, জাহের আলভী ও ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর গোপন রাখার পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন আলভী। এই দম্পতির ‘প্রিয়মায়া’ নামে একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মানবকণ্ঠ/আরআই