Image description

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে হায়দরাবাদে বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ। গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সংবর্ধনা অনুষ্ঠানটি এখন ‘শুধুমাত্র নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য’ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজয়-রাশমিকার টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হায়দরাবাদ পুলিশের পরামর্শ ও নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের আশঙ্কা, এই তারকা জুটির আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে অনুষ্ঠানে বিপুল জনসমাগম হতে পারে। এতে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। বিজয় ও রাশমিকার সর্বভারতীয় জনপ্রিয়তা বিবেচনা করে কর্তৃপক্ষ কঠোর ভিড় নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে। এর ফলে শুধুমাত্র অফিশিয়াল আমন্ত্রণপত্রধারী ব্যক্তিরাই অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।

ইতিমধ্যেই সংবর্ধনার আমন্ত্রণপত্র ও অফিশিয়াল বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘বিরোশ’ (ভক্তদের দেওয়া এই জুটির জনপ্রিয় নাম) টিমের বিবৃতিতে বলা হয়, “বিরোশের বিয়ে ইতিমধ্যেই দেশের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। ৪ মার্চ সন্ধ্যায় হায়দরাবাদে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। প্রথমে এটি চলচ্চিত্র জগত এবং রাজনৈতিক ও প্রশাসনিক মহলের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বড় পরিসরে করার পরিকল্পনা ছিল। তবে প্রশাসনের সঙ্গে পরামর্শ করে অতিথির তালিকা আরও সীমিত করা হয়েছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “বিপুল জনসমাগম ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে পুলিশ কঠোর নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে। আমাদের কাছে অতিথি, সাধারণ মানুষ এবং নবদম্পতির নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।”

নিরাপত্তার খাতিরে সাধারণ ভক্তদের জন্য প্রবেশাধিকার বন্ধ করায় অনেক ভক্তই কিছুটা হতাশ হয়েছেন। তবে নবদম্পতির সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তার কথা ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই