Image description

জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে বইছে বিতর্কের ঝড়। এবার সেই বিতর্কে মুখ খুললেন আলভীর সহকর্মী অভিনয়শিল্পী ইফফাত আরা তিথি। বুধবার (৪ মার্চ) বিকেলে নিজের ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে ইকরার সঙ্গে তাঁর ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট জনসমক্ষে প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে যারা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিথি লিখেছেন, ‘সাধু সাজবেন না, সবার আমলনামা আমার কাছে আছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যাহের আলভীর স্ত্রী ইকরা মারা যান। ইকরার পরিবারের দাবি, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির পরকীয়া সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। এই ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলাও দায়ের করেছেন। সম্প্রতি নাটকের শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন আলভী ও তিথি। সেখানে ২৭ ফেব্রুয়ারি তিথির জন্মদিন উদযাপন করা হয়েছিল বলে গুঞ্জন ওঠে, যদিও আলভী এই অভিযোগ অস্বীকার করেছেন।

স্ক্রিনশট প্রকাশ ও তিথির দাবি: ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করার কারণ হিসেবে তিথি বলেন, ‘ভেবেছিলাম এইগুলা পাবলিকলি দিব না। প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দিব। কিন্তু আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, আর চুপ থাকা গেল না। যারা নিজেরা খুব সাধু সাজছেন, আপনারা কী—সেটার আমলনামাও আমার কাছে আছে।’

তিথি দাবি করেন, আলভীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে তা কেবলই ‘ভুল ব্যাখ্যা’ ও ‘অপপ্রচার’। ইকরার সঙ্গে তাঁর নিয়মিত ও স্বাভাবিক যোগাযোগ ছিল। স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ইকরা নিজের পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও ডিপ্রেশন নিয়ে তিথির সঙ্গে কথা বলেছেন। তিথি দাবি করেন, তিনি কখনো ইকরাকে সংসার ভাঙার পরামর্শ দেননি। উল্টো তিনি ইকরাকে বলেছিলেন, ‘তুমি রানি, তুমি তাঁর (আলভীর) কুইন।’ তাহলে তিনি আত্মহত্যায় প্ররোচনা দিলেন কীভাবে—এমন প্রশ্নও তোলেন তিথি।

পারিবারিক দূরত্বের ইঙ্গিত: ফেসবুক পোস্টে তিথি ইকরার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও সামনে আনেন। তিথির দাবি অনুযায়ী, ইকরা তাঁকে লিখেছিলেন যে তাঁর পরিবার তাঁকে নিজের হালে ছেড়ে দিয়েছে। ২০১৮ সালে একবার আলাদা হতে চাইলে পরিবার তাঁকে বিদেশে পাঠাতে বা সাপোর্ট করতে রাজি হয়নি বলে ইকরার মনে ক্ষোভ ছিল।

তদন্তের আহ্বান: দীর্ঘ পোস্টের শেষে তিথি সংশ্লিষ্ট অভিনয় সংগঠনগুলোকে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করার অনুরোধ জানান। ইকরার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘আল্লাহ ওকে ভালো রাখুক, শান্তিতে রাখুক। ওর এই চিরনিদ্রা শান্তির হোক।’

যাহের আলভীর স্ত্রীর অপমৃত্যু এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি অভিযোগে শোবিজ অঙ্গনে এখন উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মামলাটি তদন্ত করছে।

মানবকণ্ঠ/আরআই