Image description

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান এবার নতুন এক অবতারে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিউ ইয়র্কের রাস্তায় তার শ্রমিকের বেশে একটি ছবি ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। পরে জানা যায়, এটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং জন কবির পরিচালিত ‘আমেরিকান ড্রিম’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য।

আড়াই মিনিটের এই চলচ্চিত্রে একজন প্রবাসী বাঙালির জীবনসংগ্রাম ফুটিয়ে তুলেছেন জায়েদ খান। চিরচেনা ‘হিরো’ ইমেজ ভেঙে একজন সাধারণ খেটে খাওয়া মানুষের চরিত্রে তার অভিনয় দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, “আমরা হিরো জায়েদ খানকে নয়, অভিনেতা জায়েদ খানকে দেখতে চাই।” দর্শকদের এমন ইতিবাচক মন্তব্য এবং প্রশংসা সামাজিকমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

নিজের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, “এবার ঈদের বড় বড় সিনেমার ট্রেলারের চেয়েও আমার এই ছোট কাজটি বেশি সাড়া পাচ্ছে। আমেরিকা, কানাডা, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা আমাকে প্রশংসা জানাচ্ছেন। এই অনুভূতি সত্যিই অন্যরকম।”

যারা একসময় তাকে নিয়ে ট্রল করতেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, “সমালোচনাকে পাশে সরিয়ে আমি শুধু নিজের কাজে মন দিয়েছি। এই চরিত্রের জন্য ওজন কমিয়েছি, নিজেকে নতুনভাবে গড়েছি। এখন অভিনয়টাই আমার ধ্যান-জ্ঞান। দর্শকদের এই ভালোবাসা আমার কাজের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। সামনে আরও ভালো কিছু নিয়ে আসব।”

দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকলেও ‘আমেরিকান ড্রিম’-এর মাধ্যমে জায়েদ খান প্রমাণ করলেন, সুযোগ পেলে তিনি সুঅভিনেতা হিসেবেও নিজেকে মেলে ধরতে পারেন।

মানবকণ্ঠ/আরআই