Image description

জনপ্রিয় পপ তারকা ডুয়া লিপা তার সংগীত ক্যারিয়ারে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। তার ২০২৪ সালের সুপারহিট গান ‘হুডিনি’ বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে ১ বিলিয়ন বা ১০০ কোটি স্ট্রিমের মাইলফলক অতিক্রম করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সাফল্যের খবর ভক্তদের সঙ্গেই নিজেই ভাগ করে নেন এই আলবেনিয়ান-আমেরিকান গায়িকা।

‘হুডিনি’ গানটি ডুয়া লিপার সাম্প্রতিক অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’-এর প্রথম গান হিসেবে মুক্তি পেয়েছিল। আর অ্যালবামটি থেকে এটিই প্রথম গান যা বিলিয়ন ক্লাবে প্রবেশ করল। তবে এখন পর্যন্ত এটি তার ক্যারিয়ারের ১৩তম গান, যা এই বিরল গৌরব অর্জন করল।

এই নতুন মাইলফলকের মাধ্যমে ডুয়া লিপা নারী শিল্পীদের মধ্যে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন। বর্তমানে তিনি বিশ্বের পঞ্চম নারী শিল্পী হিসেবে স্পটিফাইয়ের ‘বিলিয়নস ক্লাব’-এ স্থান পাওয়া সর্বাধিক সংখ্যক গানের মালিক।

ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত মুহূর্ত এবং বাগদত্তা কলাম টার্নারের সঙ্গে কাটানো সময়ের কিছু ছবির পাশাপাশি ডুয়া লিপা এই আনুষ্ঠানিক ঘোষণাটি শেয়ার করেন। সফলতার বার্তার শেষাংশে তাকে সকল ভক্তকে ধন্যবাদ জানাতেও দেখা যায়।