Image description

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন এক বিয়ের খবরে তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা আনুশকা শেঠি। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, পাত্র হিসেবে প্রভাস নন, বরং এক ব্যবসায়ীর নাম শোনা যাচ্ছে।

‘বাহুবলী’ সিনেমায় প্রভাস ও আনুশকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, দীর্ঘ দিন ধরে তাঁদের বাস্তব প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছে। ভক্তদের অনেকেরই আশা ছিল, বাস্তবেও এই জুটি গাঁটছড়া বাঁধবেন। কিন্তু সাম্প্রতিক গুঞ্জন বলছে, রুপালি পর্দার এই জুটির বাস্তবে এক হওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আনুশকা শেঠি তাঁর পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে আনুশকার পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এবার সেই পারিবারিক বন্ধুত্বকেই আত্মীয়তায় রূপ দেওয়ার পরিকল্পনা চলছে দুই পক্ষ থেকে।

ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধুমধাম করে নয় বরং একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান আনুশকা। সেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলাপ-আলোচনা বেশ চুড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

তবে এই পুরো বিষয়টি এখনো ‘গুঞ্জন’ পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। নায়িকা নিজে কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখন দেখার বিষয়, সত্যিই কি এ বছরই ঘর বাঁধছেন ‘দেবসেনা’ খ্যাত এই অভিনেত্রী, নাকি এটি নিছকই একটি আলোচিত গসিপ হয়ে থেকে যাবে।

মানবকণ্ঠ/আরআই