Image description

দীর্ঘদিনের গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী বাদশা। পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিখির সঙ্গে তাঁর বিয়ের একগুচ্ছ ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

ভাইরাল হওয়া ছবিগুলোতে বাদশাকে বাদামি রঙের কুর্তা ও সোনালি সাফা পরা বরের সাজে দেখা গেছে। অন্যদিকে, কনে ইশা রিখি সেজেছেন ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গায়। একটি ভিডিওতে তাঁদের সাতপাক ঘুরতে এবং মালাবদল করতেও দেখা গেছে। যদিও বিয়ের বিষয়ে এখন পর্যন্ত বাদশা বা ইশার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে ইশা রিখির মায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। মেয়ে ও জামাইয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইশা তোমার মঙ্গল হোক।’ এই পোস্টের পর ভক্তদের মনে আর কোনো সন্দেহ থাকেনি যে, দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন এই তারকা জুটি।

উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। জেসমিন ও বাদশার সংসারে জেসিমি গ্রেস মাসিহ সিং নামে একটি কন্যাসন্তান রয়েছে।

ইশা রিখি মূলত পাঞ্জাবি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত্ত জাটান দে’ ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। এরপর ‘হ্যাপি গো লাকি’, ‘মেরে ইয়ার কামিনে’ এবং ‘আরদাস’-এর মতো বেশ কিছু জনপ্রিয় পাঞ্জাবি সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। মডেলিং জগতেও তাঁর বেশ সুনাম রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর