বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার ব্যক্তিগত জীবন এবং প্রেমের গুঞ্জন নিয়ে এবার সোজাসাপ্টা কথা বলেছেন। সম্প্রতি হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার নাম জড়িয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে মালাইকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি একজন স্বনির্ভর নারী এবং নিজেকে পূর্ণ করতে তার কোনো পুরুষের প্রয়োজন নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা এসব গুঞ্জনকে ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেন। তিনি জানান, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এসব বিষয় নিয়ে তিনি আর বিচলিত হন না, বরং বিষয়গুলো মজার ছলে উড়িয়ে দেন। মালাইকা বলেন, ‘সঙ্গী বা সম্পর্ক অবশ্যই সুন্দর, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবছি না। আমি একজন স্বনির্ভর নারী হিসেবে গর্বিত। আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই। ভবিষ্যতে যদি কখনও কারো সঙ্গে থাকিও, তবে তা হবে সম্পূর্ণ আমার নিজের শর্তে।’
গত অক্টোবর মাসে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মালাইকা ও হর্ষ মেহতাকে একসঙ্গে দেখার পর থেকেই প্রেমের গুঞ্জনটি জোরালো হয়। যদিও তারা আলাদাভাবে ভেন্যু থেকে বের হয়েছিলেন, কিন্তু পরে তাদের একই গাড়িতে উঠতে দেখা গেছে বলে দাবি করেন পাপারাজ্জিরা। এরপর আরও কয়েকবার তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি করা হয়েছে।
অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদের পর মালাইকার ব্যক্তিজীবন নিয়ে নানা জল্পনা চললেও তিনি বর্তমানে নিজের স্বাধীনতা এবং স্বকীয়তা বজায় রাখতেই বেশি আগ্রহী। জল্পনা-কল্পনার মাঝেও নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিলেন, তিনি নিজেই নিজের জন্য যথেষ্ট।
সূত্র: সংবাদ প্রতিদিন
মানবকণ্ঠ/আরআই




Comments