প্রশংসায় ভাসছেন সাবিলা নূর, ‘চিত্রা’কে বললেন ক্যারিয়ারের বিশেষ প্রাপ্তি
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এবং তানিম নূর পরিচালিত এই সিনেমায় সাবিলার সাবলীল অভিনয় এখন টক অব দ্য টাউন। চারদিক থেকে আসা ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত সাবিলা এই চরিত্রটিকে তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে দেখছেন।
নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সাবিলা নূর বলেন, ‘চিত্রা চরিত্রটি আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। এটি আমাকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি, তা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।’ তিনি আরও জানান, সহশিল্পী মোশাররফ করিম, শরিফুল রাজ এবং পরিচালক তানিম নূরের সহযোগিতায় তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

সিনেমাটি বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। আন্তর্জাতিক এই মুক্তি নিয়ে বেশ আশাবাদী পুরো টিম।
সম্প্রতি নিজের পরিবার ও কাছের মানুষদের নিয়ে সিনেমাটির একটি বিশেষ শো উপভোগ করেছেন সাবিলা। সেখানে উপস্থিত ছিলেন তার মা, শাশুড়ি এবং স্বামী নেহাল। সচরাচর সাবিলার কাজের গঠনমূলক সমালোচনা করলেও এই সিনেমাটি দেখে নেহাল বেশ মুগ্ধ হয়েছেন বলে জানান অভিনেত্রী। সাবিলা বলেন, ‘নেহাল আমার কাজের কড়া সমালোচক হলেও বনলতা এক্সপ্রেস দেখে সে এবার পুরোপুরি উপভোগ করেছে। কাছের মানুষদের এই ইতিবাচক প্রতিক্রিয়া আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।’
মানবকণ্ঠ/আরআই




Comments