Image description

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি চলচ্চিত্রের জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমা ‘দেলুপি’। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ জায়গা করে নিয়েছে ছবিটি।

উৎসবের বিশেষ প্রদর্শনী হিসেবে আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্টাডটকিনো থিয়েটারে (Stadtkino Theater) ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের শুরুতেই নেদারল্যান্ডসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬’-এ প্রদর্শিত হয়ে বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

রটারড্যামে বড় সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি ‘দেলুপি’র দ্বিতীয় কোনো বড় উৎসবে অংশগ্রহণ। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সমকালীন বাংলাদেশি সিনেমার নির্মাণশৈলী ও নতুন ভাষা বিশ্বমঞ্চে তুলে ধরছে।

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নেদারল্যান্ডসে অসাধারণ সাড়া পাওয়ার পর ছবিটি এবার অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের পুরো দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার শক্ত অবস্থানেরই বহিঃপ্রকাশ।’

উল্লেখ্য, ‘দেলুপি’ সিনেমাটির নামকরণ ও প্রেক্ষাপট নেওয়া হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবন সংগ্রাম, বাস্তবতা ও মানবিক সম্পর্কের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও চলচ্চিত্রপ্রেমীদের এই প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর