Image description

মাতৃত্ব নারীর জীবনে এক অনন্য অনুভূতি হলেও এর সাথে আসা শারীরিক পরিবর্তন নিয়ে অনেককেই সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়। এবার তেমনই অভিজ্ঞতার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী পত্রলেখা পাল। তবে বডি শেমিং বা শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের মুখে দমে না গিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার ঘর আলো করে গত বছরের শেষে জন্ম নিয়েছে তাদের প্রথম কন্যাসন্তান। মা হওয়ার পর পত্রলেখার ওজন কিছুটা বৃদ্ধি পাওয়ায় নেতিবাচক মন্তব্যে মেতে ওঠেন কিছু মানুষ।

চুপ না থেকে পত্রলেখা তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, সন্তান জন্ম দেওয়ার পর শরীরে পরিবর্তন আসা একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় জৈবিক প্রক্রিয়া। এটিকে ব্যঙ্গ করার কিছু নেই। তিনি সবাইকে মনে করিয়ে দেন যে, তিনি মাত্রই একটি প্রাণের জন্ম দিয়েছেন এবং এই সময় শরীরের এমন পরিবর্তনই স্বাভাবিক।

পত্রলেখা আরও বলেন, "একদিকে আমি মাতৃত্বের দায়িত্ব পালন করছি, অন্যদিকে পেশাগত কাজও সামলে চলছি। এমন অবস্থায় মানুষের সহানুভূতি ও সমর্থনের পরিবর্তে নেতিবাচক মন্তব্য মানসিকভাবে আঘাত করে।" তিনি সবার প্রতি অনুরোধ জানান, বিশেষ করে একজন নারী যখন মাতৃত্বের মতো সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যান, তখন যেন তার শরীর নিয়ে কোনো অযাচিত মন্তব্য করা না হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ১৫ নভেম্বর চণ্ডীগড়ে রাজকুমার রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পত্রলেখা। ঠিক চার বছর পর, ২০২৫ সালের ১৫ নভেম্বর নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই তাদের কন্যা সন্তান পৃথিবীতে আসে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মানবকণ্ঠ/ডিআর