ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের চূড়ান্ত তালিকায় শোবিজ জগতের কোনো তারকাকে স্থান না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের জন্য বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে বিএনপি। এই তালিকায় রুমানা মোর্শেদ, কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো হেভিওয়েট তারকাদের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই আশা করেছিলেন, রাজপথে সক্রিয় এই শিল্পীরা দলীয় মূল্যায়নে এগিয়ে থাকবেন।
তবে মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ন্যান্সি তাঁর নিজস্ব অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল— এসব তারকাকে শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’
ন্যান্সির এই বক্তব্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অধিকাংশ ব্যবহারকারী তাঁর এই সোজাসাপ্টা মন্তব্যের প্রশংসা করেছেন। তাদের মতে, রাজনৈতিক পদগুলোতে সেলিব্রেটি ইমেজের চেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের ওপর ভিত্তি করে নেতৃত্ব নির্বাচন করা বেশি কার্যকর। উল্লেখ্য, সংগীতশিল্পী ন্যান্সি নিজেও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির প্রতি তাঁর প্রকাশ্য সমর্থনের কথা জানিয়ে আসছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments