Image description

দীর্ঘ ১০ মাস ২২ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পেলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আনেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর গুলশান এলাকায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিদ্দিক জানান, জেলজীবন তাকে আমূল বদলে দিয়েছে। তিনি বলেন, ‘জেল থেকে মুক্ত হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। সেখানে নিজেকে চেনার ও চিন্তা করার প্রচুর সময় পেয়েছি। আল্লাহ আমাকে পরিবর্তন করিয়েছেন। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু জেলে নিয়মিত কোরআন পাঠ ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি।’

জেলে থাকাকালীন সময়টাকে সৃজনশীল কাজে ব্যয় করেছেন এই অভিনেতা। তিনি জানান, কারাগারে বসে তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন। এ ছাড়া নিজের কারাজীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি বইও লিখেছেন তিনি।

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ স্লোগানটি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে উল্লেখ করে সিদ্দিক বলেন, ‘তারা আমাকে নিরাপদ রেখেছে আর আমি নিজের ভেতর থেকে আলোর পথ খুঁজে নিয়েছি। তবে দীর্ঘ সময় বন্দী থাকার ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারিনি। মানসিকভাবে আগের নিয়মে ফেরার চেষ্টা করছি।’

উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সিদ্দিকুর রহমান ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে নিহতের একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি হন। এরপর ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মানবকণ্ঠ/ডিআর