টেইলর সুইফটের ‘লাভ স্টোরি’—যে সুর গত দেড় দশক ধরে কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে গেঁথে আছে। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই কালজয়ী গানটি আজও ভক্তদের কাছে সমান জনপ্রিয়। তবে চমকপ্রদ তথ্য হলো, বিশ্বখ্যাত এই রোমান্টিক গানটি টেইলর লিখেছিলেন তার বাবা-মায়ের ওপর প্রচণ্ড রাগ আর অভিমান থেকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরোনো স্মৃতি হাতড়ে টেইলর জানান, গানটি লেখার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। তখন তিনি বয়সে বড় এক ব্যক্তির প্রেমে পড়েছিলেন এবং তার সঙ্গে ডেটে যেতে চেয়েছিলেন। কিন্তু টেইলরের বাবা-মা এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন।
কিশোরী টেইলর বাবা-মায়ের এই কড়া শাসন মেনে নিতে পারেননি। অভিমানে ফেটে পড়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই রাগের মুহূর্তেই কাগজ-কলম হাতে জন্ম দেন আধুনিক প্রেমের উপাখ্যান ‘লাভ স্টোরি’। গানটিতে তিনি অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন শেক্সপিয়রের অমর সৃষ্টি ‘রোমিও-জুলিয়েট’কে।
অতীতের সেই জেদ আর অভিমানের কথা ভেবে এখন বেশ মজাই পান এই পপ তারকা। হাসিমুখে তিনি বলেন, “সন্তানদের মাঝে মাঝে শাসন করা প্রয়োজন। কারণ সেই শাসন বা রাগ থেকেই হয়তো ভবিষ্যতে এমন কিছু সৃষ্টি হবে যা বিশ্ব জয় করবে।”
টেইলরের ভক্ত বা ‘সুইফটি’দের কাছে এই গানটি আজও এক অনন্য আবেগের নাম। আজও কনসার্টে এই গান চলাকালীন অনেক যুগলকে একে অপরকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। এক কিশোরীর সামান্য অভিমান যে বিশ্বসংগীতের ইতিহাসে এমন এক সম্পদ উপহার দেবে, তা হয়তো সেদিন টেইলর নিজেও ভাবেননি।
সূত্র : এই সময়
মানবকণ্ঠ/আরআই




Comments