Image description

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেলেন ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন আদর্শ মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

রোববার (১০ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ববিতার হাতে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরেণ্য অভিনেতা আবুল হায়াত এই কিংবদন্তি অভিনেত্রীর হাতে সম্মাননাটি তুলে দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ববিতা কেবল পর্দায় সফল নন, বরং বাস্তব জীবনেও একজন অত্যন্ত দায়িত্বশীল মা। দীর্ঘ ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও তিনি তাঁর একমাত্র সন্তান অনিককে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর এই মাতৃত্বের সংগ্রাম ও সাফল্যকে স্বীকৃতি জানাতেই এই আয়োজন।

সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত ববিতা বলেন, “একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় সার্থকতা ও অর্জন। অভিনেত্রী হিসেবে দীর্ঘ পথচলায় আমি অনেক নামী-দামী পুরস্কার ও রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছি। কিন্তু ‘মা’ হিসেবে পাওয়া এই বিশেষ স্বীকৃতি আমাকে অন্য সব কিছুর চেয়ে বেশি আনন্দ ও তৃপ্তি দিয়েছে।”

‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে ববিতা ছাড়াও বিনোদন অঙ্গনের আরও ১২ জন গুণী ব্যক্তির মায়েদের ‘মা পদক ২০২৬’ প্রদান করা হয়। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, সঙ্গীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি এবং উপস্থাপিকা ফারহানা ন্যান্সির মায়েরা।

তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা ববিতা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে একুশে পদকসহ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আন্তর্জাতিক অনেক সম্মাননা অর্জন করেছেন। দেশীয় এই স্বীকৃতির পর আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রেও বড় একটি সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। ওই দিন ‘আনন্দ মেলা’র পক্ষ থেকে এই বরেণ্য অভিনেত্রীকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে।