Image description

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল-অভিনেত্রী মারিয়া মিম সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব। নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই খোলামেলা পোস্ট দিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে এবার কাউকে নির্দিষ্ট করে নাম না বললেও ‘ভণ্ড হুজুর’ অ্যাখ্যা দিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মিম, যা নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।

সোমবার (১১ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মারিয়া মিম ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ মিমের এই ছোট্ট কিন্তু ঝাঁজালো পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মিম কারও নাম উল্লেখ না করলেও মন্তব্যের ঘরে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, এই ইঙ্গিত হয়তো অভিনেতা সিদ্দিকের দিকেই। এর পেছনে জোরালো যুক্তিও দাঁড় করাচ্ছেন অনেকে। গত বছর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সিদ্দিক নিজেকে আমূল বদলে ফেলার দাবি করেছেন এবং ধর্মের দিকে মনোনিবেশ করেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজের জীবনযাত্রার পরিবর্তন নিয়ে কথা বলেন, যা অনেক সময় সামাজিক মাধ্যমে আলোচনার খোরাক হয়।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মারিয়া মিমকে তার সাবেক স্বামী সিদ্দিক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি চরম বিরক্তি প্রকাশ করেন এবং প্রশ্ন শেষ হওয়ার আগেই সেখান থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ‘ভণ্ড হুজুর’ স্ট্যাটাস রহস্যকে আরও ঘনীভূত করেছে।

উল্লেখ্য, ২০১২ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সিদ্দিক ও মারিয়া মিম। ২০১৩ সালে এই দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান আরশ হোসেন। তবে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ২০১৯ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে সন্তান আরশ বাবার কাছেই থাকে। বিচ্ছেদের পর মিম গ্ল্যামার জগতে ব্যস্ত হলেও সিদ্দিক নিজেকে অনেকটা ‘ধর্মপ্রাণ’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করছেন।

মানবকণ্ঠ/আরআই