বেসরকারি খাতের দুটি ব্যাংকে প্রায় ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি হয়েছেন আলোচিত চিত্রনায়ক এম এ জলিল অনন্ত (অনন্ত জলিল) ও তাঁর স্ত্রী খাদিজা পারভীন (বর্ষা)। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৯২ কোটি ২৯ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ায় তাঁদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকও প্রায় ১৪০ কোটি টাকার বকেয়া আদায়ে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পান্থপথ শাখার আওতায় অনন্ত জলিলের প্রতিষ্ঠান ‘এবি অ্যাপারেলস’-এর (চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন) কাছে ব্যাংকটির পাওনা ২৬৭ কোটি ২২ লাখ টাকা।
২০২৪ সালের ২৮ আগস্ট কিস্তিতে পরিশোধের শর্তে এই ঋণ পুনঃতপশিল করা হলেও তারা শর্ত ভেঙে কিস্তি পরিশোধ করেননি।
ঋণের আংশিক বকেয়া পরিশোধের জন্য ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন অনন্ত জলিল। গত ২ নভেম্বর এমটিবির বগুড়া শাখায় চেকটি জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়।
চেক রিটার্ন মেমো ইস্যুর পর এমটিবির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চুর মাধ্যমে অনন্ত জলিলের বাসভবন ও কারখানার ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে এবং ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে তা বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়। ৩০ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ না করলে মামলাসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অপর পাওনাদার মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির কাছে সুদে-আসলে তাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের খেলাপি ঋণ আদায়ে তারাও শিগগির আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, ঋণটি খেলাপি হয়ে যাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সাভারে অবস্থিত কারখানা বিক্রি করে ব্যাংকগুলোর ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন অনন্ত জলিল।

