যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে জনপ্রিয় ও আইকনিক চলচ্চিত্র ‘রকি’র প্রধান চরিত্র ‘রকি বালবোয়া’-এর সাজে জড়ো হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ৫৭০ জন মানুষ। ধূসর ট্র্যাকস্যুট, কালো টুপি ও কালো জুতা পরে অংশ নেওয়া ভক্তদের এই জমায়েত ভেঙে দিয়েছে আগের ২৫০ জনের রেকর্ড। গত ১৩ নভেম্বর ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের বিখ্যাত সিঁড়িতে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক প্রতিনিধি অ্যান্ডি গ্লাস ঘটনাস্থলে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের পোশাক ও অন্যান্য শর্ত নিবিড়ভাবে যাচাই করেন এবং শেষ পর্যন্ত ৫৭০ জনের রেকর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তবে নির্ধারিত পোশাকের শর্ত পুরোপুরি পূরণ না করায় কয়েকজনকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হয়।
১৯৭৬ সালে মুক্তি পাওয়া কালজয়ী চলচ্চিত্র ‘রকি’র মুক্তির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্যাপন উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। চলচ্চিত্রে রকি বালবোয়া চরিত্রে অবিস্মরণীয় অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। ছবির একটি অত্যন্ত বিখ্যাত ও অনুপ্রেরণাদায়ী দৃশ্যে তাঁকে ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের ৭২টি সিঁড়ি বেয়ে দৌড়ে উঠতে দেখা যায়। পরবর্তীতে দৃশ্যটি শুধু সিনেমাপ্রেমীদের কাছেই নয়, বরং মার্কিন শহর ফিলাডেলফিয়ার অন্যতম প্রধান সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণে পরিণত হয়।
রেকর্ড নিশ্চিত হওয়ার আনন্দে ৫৭০ জন অংশগ্রহণকারী একসঙ্গে ঠিক সেই সিঁড়ি বেয়েই দৌড়ে ওঠেন, যা চলচ্চিত্রটির ঐতিহাসিক দৃশ্যটিকে জীবন্ত করে তোলে। দৌড় শেষে তারা ফিলাডেলফিয়ায় অবস্থিত রকির বিখ্যাত ব্রোঞ্জ ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে একটি দলীয় ছবিও তোলেন।
চলচ্চিত্রটির সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্তমানে ফিলাডেলফিয়া শহরে মাসব্যাপী নানা উৎসব ও আয়োজন চলছে। এর মধ্যে রয়েছে রকির নামে বিশেষ দৌড় প্রতিযোগিতা (ম্যারাথন), চলচ্চিত্রের জনপ্রিয় দৃশ্য ও লোকেশন ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্বজুড়ে আসা ভক্তদের জন্য বিশেষ বিনোদনমূলক আয়োজন।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
ডিআর




