ঈশ্বরগঞ্জ উপজেলার রবীন্দ্র স্মৃতিবিজড়িত আঠারবাড়ি জমিদারবাড়ির অতীত ঐতিহ্য আজ হারানোর পথে। তৎকালীন জমিদারের রেখে যাওয়া ঐতিহাসিক এ স্থাপনা আজ নষ্টের পথে। অযত্ন, অবহেলা, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জমিদারবাড়িতে প্রবেশের মূল ফটক (সিংহদরজা), নাট্যমন্দির ও কয়েকটি ঘর ছাড়া প্রায় সব শৈল্পিক স্থাপনাই ধ্বংসের পথে।
পর্যটনের জন্য আকর্ষণীয় জমিদারবাড়িটিকে কেন্দ্র করে আজও গড়ে উঠেনি কোনো পর্যটনকেন্দ্র। ফলে আঠারবাড়ি জমিদারবাড়ি এখন শুধুই কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৯১০ সালে তৎকালীন জমিদার মহিম চন্দ্র রায় জমিদারবাড়ির সুবিশাল পুকুরসংলগ্ন মনোরম পরিবেশে আঠারবাড়ি এমসি উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন।
১৯৪৭ সালে দেশভাগ এবং ১৯৫১ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার প্রমোদ রায় চৌধুরী পরিবার-পরিজনসহ ভারতে চলে যান। পরবর্তী সময়ে ১৯৬৮ সালে জমিদারবাড়ির আঙিনায় আঠারবাড়ি ডিগ্রি কলেজ স্থাপিত হয়।
আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক বলেন, প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা জমিদারবাড়ি দেখতে আসেন। জমিদারবাড়িটি আমাদের উপজেলাবাসীর গর্ব। আগামী প্রজন্মকে এর ইতিহাস জানাতে হলে এ বাড়ি সংরক্ষণ করা জরুরি।
উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে অপরূপ কারুকার্যময় এই জমিদারবাড়ির বয়স প্রায় আড়াইশ বছর। ১৮৫৩ সালে বিবি এজিনার অংশ মতান্তরে কেসপার্জের অংশ ক্রয় করেন আঠারবাড়ির জমিদার শম্ভূ রায় চৌধুরী। পরে মুক্তাগাছার জমিদার রাম কিশোর চৌধুরীর জমিদারি ঋণের দায়ে নিলামে উঠলে তা শম্ভূ রায় চৌধুরীর পুত্র মহিম চন্দ্র রায় চৌধুরী কিনে নেন।
জমিদারি প্রতিষ্ঠার পর তাদের আয়ত্তে আসে উত্তরে গৌরীপুরের রাজবাড়ী, পশ্চিমে রামগোপালপুর, ডৌহাখলা, দক্ষিণে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা। প্রতি বছরের নির্দিষ্ট সময়ে এসব জেলা শহরে স্থাপিত আঠারবাড়ি কাচারি বাড়িতে নায়েব উপস্থিত হয়ে খাজনা আদায় করতেন। আজও এসব কাচারি ‘আঠারবাড়ি বিল্ডিং’ নামে নিজ নিজ জেলায় পরিচিত। জমিদার বংশের উপাধি ‘রায়’ থেকে পরবর্তী সময়ে উপজেলার অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র রায় বাজারের নামকরণ করা হয়।
পরবর্তী জমিদার দীপ রায় চৌধুরী জমিদার পরিবারের দেখাশোনা করার জন্য যশোর থেকে ১৮টি সম্ভ্রান্ত হিন্দু পরিবারকে এনে তাদের বসবাসের সুযোগ করে দেন। এরপর এই ১৮টি পরিবারের নিবাসকে ঘিরেই এ জায়গাটি আঠারবাড়ি নামে পরিচিতি লাভ করে। মোট একশ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত জমিদারবাড়ির বিশাল পুকুর, পরিখা, পুকুরে নামার সুড়ঙ্গপথ, বাড়ির দক্ষিণের পুকুরে রাজহাঁস সাঁতার কাটার দৃশ্য অবলোকনের স্থান এবং চিড়িয়াখানার চিহ্ন এখন প্রায় নেই বললেই চলে।
জমিদারবাড়ির নাট্যমন্দির ও রঙ্গশালায় বছরব্যাপী পূজা-পার্বণ হতো। বিশেষ করে দুর্গাপূজার সময় নাট্যোৎসব ও সংগীতের আসর চলত দীর্ঘদিন ধরে। কলকাতা থেকে নামি-দামি শিল্পীরা এসে এখানে উৎসবে যোগ দিতেন। জমিদারের ব্যবহার করা বিশাল আকৃতির সিন্দুক, ময়ূর সিংহাসন ও প্রচুর দর্শনীয় মূর্তির এখন আর কোনো স্মৃতিচিহ্ন অবশিষ্ট নেই।
শান্তি নিকেতনে অধ্যয়ন করেন আঠারবাড়ির সর্বশেষ জমিদার প্রমোদ রায় চৌধুরী। সেই সুবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রায় পরিবারের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি কবিগুরু আঠারবাড়ি জমিদারবাড়িতে আসেন। জোড়াসাঁকোর জমিদারবাড়ির কুমার কবিকে আঠারবাড়ি রেলওয়ে স্টেশন থেকে বিশাল মিছিল সহকারে জমিদারবাড়ির নতুন প্রাসাদে নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হয়। রবীন্দ্রনাথ এ সময় সোনার চাবি দিয়ে নতুন জমিদারবাড়ির দ্বার উন্মোচন করেন। জননন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ূন আহমেদ তার গ্রামের বাড়ি (পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম) থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত এ জমিদারবাড়িতে ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রসহ বিভিন্ন নাটকের কিছু উল্লেখযোগ্য দৃশ্য ধারণ করেছিলেন।
আঠারবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কিশোর চৌধুরী বলেন, বর্তমানে কলেজের আওতায় জমিদারবাড়ির ১১ একর ৪০ শতক সম্পত্তি রয়েছে। ইতিমধ্যে জাতীয় সংসদ সদস্য জমিদারবাড়িটিকে সংরক্ষণ করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রতœতত্ত্ব অধিদফতরে পত্র প্রেরণ করেছে।

