সিরাজগঞ্জের বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষকদের মাঝে শুরু হয়েছে এক নতুন কর্মযজ্ঞ। কোনো রকম চাষ ছাড়াই ভেজা জমিতে রসুন রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা। বন্যার কারণে আমন ধানের ব্যাপক ক্ষতি পুষিয়ে নিতে স্ত্রী-সন্তানদের নিয়ে দিনরাত কাজ করে চলেছেন এই অঞ্চলের কৃষকরা।
প্রতি বছরই বর্ষা ও বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয় এই অঞ্চলে। কার্তিক-অগ্রহায়ণ মাসে বিলের পানি নামতে শুরু করলে কৃষকরা ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে জমিতে শুরু করেন রসুন চাষ। এই ‘বিনাচাষে রসুন’ চাষের ধুম পড়েছে সিরাজগঞ্জের কাজিপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, নাটোরের গুরুদাসপুর ও সিংড়া, পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহরসহ চলনবিল এলাকার বিভিন্ন অঞ্চলে।
কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে শুধুমাত্র কাজিপুরে ৪৭৫ হেক্টর জমিতে বিনাচাষে রসুন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কাজিপুর উপজেলার তেকানি, মুনসুর নগর, চরগিরিশ ও মাইজবাড়ি এলাকায় প্রায় ১০ হেক্টর জমিতে রসুন লাগানো সম্পন্ন হয়েছে।
মাইজবাড়ি গ্রামের কৃষক রুবেল জানান, ‘বর্তমানে বীজ রসুন ২২০ টাকা কেজি দরে কিনে ভেজা পলি জমিতে বিনাচাষে সারিবদ্ধভাবে কোয়া রোপণ করছি। প্রতিদিন একজন শ্রমিকের মজুরি ৫০০ থেকে ৫৫০ টাকা। রোপণ শেষে রসুনের উপর ধানের নাড়া বিছিয়ে দেওয়া হয়। প্রায় ১২৫ দিন পর রসুন তোলা যায়।’
চরগিরিশ গ্রামের কৃষক রফিক বলেন, ‘প্রতি বছর বন্যায় ধানের ক্ষতি হয়। তাই আমরা কম খরচে রসুন চাষ করি। এ বছর ১০ বিঘা জমিতে রসুন আবাদ করব। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন ও দাম আশা করছি।’
তেকানি গ্রামের কৃষক রিয়াদ জানান, ‘রসুন এখন আমাদের অন্যতম অর্থকরী ফসল। প্রতি বিঘা জমিতে চাষে খরচ হয় ২৩-২৫ হাজার টাকা। আর ভালো আবহাওয়া থাকলে প্রতি বিঘায় ৩৮-৪০ মণ রসুন পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৬০-৭০ হাজার টাকা।’
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, ‘চলনবিলসহ আশপাশের এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে ভেজা মাটিতে রসুন রোপণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও রসুনের বাম্পার ফলন হবে।’

