বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে শান্ত ও চমৎকার রোদের কারণে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণপিপাসুরা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের দূর-দূরান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। পর্যটকদের পদচারণায় মুখর সাগরতীর, আর তাদের সমুদ্রস্নানে নিরাপত্তায় সজাগ রয়েছে লাইফগার্ড কর্মীরা।
কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে সাগরের টানে প্রতিনিয়ত ছুটে আসেন হাজার হাজার ভ্রমণপিপাসু। এখনো শীত পুরোপুরি নামেনি, কিন্তু সাগর অনেকটাই শান্ত এবং চমৎকার আবহাওয়া বিরাজ করছে। এই অবস্থায় সাপ্তাহিক ছুটির দিনে আসা হাজারো ভ্রমণপিপাসু বিশাল বালুচরের মাঝে উল্লাস আর মুগ্ধতায় মেতে উঠেছেন। সমুদ্রের নোনাজল, নরম বালু আর আকাশের বিশালতায় খুঁজে নিচ্ছেন অনাবিল প্রশান্তি।
শীত মৌসুমের শুরুতেই সৈকত শহর কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ায় বেশ খুশি সৈকতপারের ব্যবসায়ীরা। তারা আশা করছেন, এই মৌসুমে ব্যবসা জমে উঠবে।
পর্যটকদের ভিড় বাড়ায় সমুদ্রস্নানে সজাগ দৃষ্টি রেখেছেন লাইফগার্ড সংস্থার কর্মীরা। সৈকতের তিনটি পয়েন্টে ২০ জন কর্মী নিয়োজিত আছেন।
এদিকে, কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে ১লা নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও, \'দিনে গিয়ে দিনে ফিরে আসার\' নির্দেশনার কারণে গত ১৪ দিনে কোনো জাহাজ সেন্টমার্টিন দ্বীপে ছাড়েনি। ফলে পর্যটকদের পা পড়েনি সেন্টমার্টিন দ্বীপে।