ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েলের’ আঘাতে নিউজিল্যান্ডে উত্তরাঞ্চলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রবল ঝড়ের কবলে পড়ে দেশটির হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় ৫৮ হাজার ঘর বাড়ি বিদ্যুৎহীন রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গ্রেট ব্যারিয়ার দ্বীপের উপকূলে একটি নৌকায় নিখোঁজ একজন ব্যক্তির সন্ধান চলছে। ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। শনিবার রাতে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপে আঘাত হানে। এর ফলে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত করে।
নিউজিল্যান্ডের নর্থল্যান্ড, করোমন্ডেল এবং তাইরাউহিটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । ঘূর্ণিঝড় কবলিত মানুষদের জন্য সেখানে আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর যারা বাড়িতে আটকা পড়ে আছেন, তাদের জন্য আগামী তিন দিনের পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে নিউজিল্যান্ডের বিমান সংস্থা ঝড় আসার আগেই বেশ কয়েকটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল করেছে। নিউজিল্যান্ডের মেটসার্ভিস আরও সতর্ক করে বলেছে, বাতাস আরও যথেষ্ট শক্তিশালী হতে পারে। গাছ ও বিদ্যুতের লাইনের ক্ষতি করতে পারে। সেই সঙ্গে তীব্র বৃষ্টিপাতের ফলে আগামী দিনে আরও বন্যা এবং ভূমিধস হতে পারে।
এদিকে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, \'সারা দেশের মানুষের কাছে আমাদের প্রধান বার্তা হলো, দয়া করে তীব্র আবহাওয়া সতর্কতাকে গুরুত্ব সহকারে নিনি। ঝড় মোকাবিলায় প্রস্তুত আছেন কিনা তা নিশ্চিত করুন।\'
শেষ খবর পাওয়া পর্যন্ত অকল্যান্ড ও এর আশে পাশের অঞ্চল জুড়ে ১৫০ জন উদ্ধারকর্মী অবস্থান করছেন।

