ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে এখনও হাজার হাজার পরিবার কেবল শোক পালনের জন্য নিখোঁজ স্বজনের মৃতদেহ পাওয়ার আশায় প্রার্থনা করছে। তবে কর্তৃপক্ষ তাদের উদ্ধার অভিযানে লাগাম টানার ঘোষণা দিয়েছে।
এদিকে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) রোববার জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৮৯ জনে। অন্যদিকে কয়েক দিন আগে দেওয়া সিরিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানকার শনাক্তকৃত মৃতের সংখ্যা ৫ হাজার ৮০০। রোববার এএফএডি বলেছে, তুরস্ক-সিরিয়ায় চলতি মাসের বিধ্বংসী ভূমিকম্পের প্রায় ২ সপ্তাহ পর তুরস্কের বেশির ভাগ প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের যে কয়েকটি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কাহরামানমারাস সেসব শহরের একটি। এই শহরের একটি ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে বুলডোজার চালাচ্ছেন আকিন বোজকার্ট। তুর্কি এই বুুলডোজার অপারেটর বলেন, ‘আপনি কি একটি মৃতদেহ খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করবেন? আমরা করছি... ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে লাশ পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রার্থনা করছি। আপনি টনকে টন ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করলেন। পরিবার আশা নিয়ে অপেক্ষা করছে। তারা কেবল দাফন অনুষ্ঠান করতে চায়। তারা কেবল একটি কবর চায়।’
ইসলামি রীতি অনুযায়ী, মৃতকে যত দ্রুত সম্ভব দাফন করার বিধান রয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সেজার বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা রোববার রাতে শেষ হয়।
স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে কেবল তুরস্কেই ৩ লাখ ৪৫ হাজারের মতো অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তবে ভূমিকম্পের পর থেকে ঠিক কতসংখ্যক মানুষ এখনও নিখোঁজ রয়েছে সে বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি তুরস্ক এবং সিরিয়া।
রোববার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডির ভূমিকম্প ও ঝুঁকি হ্রাস বিভাগের মহাপরিচালক ওরহান তাতার বলেছেন, পূর্ব আনাতোলিয়ান ফল্টটি ৫টি ভিন্ন শাখায় বিভক্ত হয়ে গেছে। কেবল মালাটিয়া প্রদেশেই ২৫ কিলোমিটার ফাটল পরিমাপ করা হয়েছে।
ভূপৃষ্ঠের ওপর প্রায় ৪০০ কিলোমিটার ফাটল দেখা দিয়েছে। এর ফলে ভূত্বকে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। তুরস্কে ভূমিকম্পে সবচেয়ে বড় যে ফাটলটি ধরা পড়েছে সেটি ৭ দশমিক ৩ মিটার প্রশস্ত, এর গভীরতা ৮ থেকে ৯ কিলোমিটার।

