যুক্তরাজ্যের সরকার বিবিসি ও প্রতিষ্ঠানটির সম্পাদকীয় নীতির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে ভারতের আয়কর কর্মকর্তারা টানা তিন দিন তল্লাশি চালানোর পর যুক্তরাজ্য সরকার তাদের এ সমর্থনের কথা জানাল। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিযোগ করেছেন, বিবিসি ভিন্ন কায়দার রাজনীতি করছে।
গত মঙ্গলবার হাউস অব কমন্সে জরুরি এক প্রশ্নের জবাবে ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) জুনিয়র মন্ত্রী বলেন, একটি ‘চলমান তদন্তের’ বিষয়ে ভারতের আয়কর বিভাগের কর্মকর্তাদের অভিযোগ প্রসঙ্গে সরকার কোনো মন্তব্য করতে পারছে না। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রের’ জন্য গণমাধ্যম ও বাকস্বাধীনতা জরুরি।
এফসিডিওর আন্ডার সেক্রেটারি ডেভিড রুটলি ভারতের সঙ্গে ‘শক্তিশালী ও গভীর সম্পর্কের’ দিকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাজ্য ‘গঠনমূলক উপায়ে’ বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে পারে। রুটলি বলেন, ‘আমরা মনে করি, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই বিবিসি তার নিজস্ব সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে চলুক।’ জুনিয়র এই মন্ত্রী বলেন, ‘বিবিসি এই কাজ অব্যাহত রাখবে। কারণ বিবিসির মাধ্যমে আমাদের স্বাধীন কণ্ঠস্বর সারা বিশ্ব শুনতে পায়।’
রাজনীতির অভিযোগ জয়শঙ্করের : জয়শঙ্কর বলেছেন, একটা কথা আছে না, অন্য কায়দায় যুদ্ধ করা? এটাকে আমি বলব অন্য কায়দায় রাজনীতি করা। হঠাৎ করে কেন এই সব রিপোর্ট, মতামত, বক্তব্যের ধুম পড়ে গেল? এগুলো যে সামনেও আবার হবে না তাই বা কে বলতে পারে? তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন-১৯৮৪ সালে দিল্লিতে তো অনেক কিছু ঘটেছিল। সেগুলো নিয়ে আমরা কেন কোনো ডকুমেন্টারি দেখছি না?
২০ বছর আগের একটা ঘটনা এখন শুধু ‘সত্যের সন্ধান’ করতে তুলে আনা, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয় বলেও যুক্তি দেন জয়শঙ্কর।
দেশের বাইরে থেকে ভারতের একটা খুব চরমপন্থি ছবি তুলে ধরার একটা চেষ্টা বিগত এক দশক ধরেই চলছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সরকার, ক্ষমতাসীন দল বিজেপি, প্রধানমন্ত্রী সবাইকেই এইভাবে দেখানোর চেষ্টা হচ্ছে।

