জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছে রাশিয়া। সদস্য দেশগুলোকে এ প্রক্রিয়া আটকানোর আহ্বান জানিয়েছিল ইউক্রেন। তবে এতে কোনো লাভ হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার নিরাপত্তা পরিষদের সভাপতি এমন একটি দেশ হলো যে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রত্যেকেই এক মাসের জন্য পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এর আগে রাশিয়া শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্বপালন করেছিল, ওই মাসেই তারা প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল।
আইসিসি গত মাসে পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। তবে এই আদালত জাতিসংঘের কোনো অঙ্গপ্রতিষ্ঠান নয়। ইউক্রেনের অভিযোগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রাশিয়ার সভাপতির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেবে না। রাশিয়া ছাড়া পরিষদের অন্য স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন। জাতিসংঘে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত ভাসিলি নিবেনজিয়া রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন, এ সময়টিতে তিনি অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিতর্ক তদারকির পরিকল্পনা করেছেন।

