পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রেররসাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে পৌঁছান তিনি। মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে তিনি হাজিরা দেবেন। বিচারপতি জুয়ান মার্চান ট্রাম্পের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে বোয়িং ৭৫৭ মডেলের ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।
সাবেক পর্নতারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। নিউইয়র্কের গ্র্যান্ড জুরি এ অভিযোগ গঠন করেন। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

