পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার পেছনে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার আহমেদ বাজওয়াকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেছেন, সাবেক সেনাপ্রধানের পরামর্শে তিনি এই দুই প্রদেশের পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেনাপ্রধান তার পাশে থাকেননি। পাকিস্তানের সংবাদমাধ্যম নিউজ ডট কম বলছে, রোববার একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে এসব কথা বলেন ইমরান।
দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত জানুয়ারিতে ইমরানের নির্দেশে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার পিটিআই নিয়ন্ত্রিত প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল। সাক্ষাৎকারে ইমরান খান জানান, প্রেসিডেন্ট আরিফ আলভির উপস্থিতিতে এক বৈঠকে সাবেক সেনাপ্রধান কামার আহমেদ বাজওয়া পিটিআইপ্রধান ইমরানকে বলেছিলেন, ‘যদি আপনি জাতীয় নির্বাচন চান তা হলে পিটিআইয়ের নিয়ন্ত্রণে থাকা প্রাদেশিক পরিষদ ভেঙে দিন।’ সাক্ষাৎকারে ইমরান আরও বলেন, ‘বাজওয়ার কোনো আদর্শ নেই। তিনি আমাকে একের পর এক মিথ্যা বলেছিলেন।’
গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে উত্থাপন করা অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকে জাতীয় নির্বাচনের দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে তুলেছেন তিনি। এ বিষয়ে সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘গোয়েন্দা সংস্থার প্রধান আমাকে জানিয়েছিলেন, জেনারেল বাজওয়া শাহবাজ শরিফকে ক্ষমতায় দেখতে চান।’

