ইসরাইলি কারাগারে ৮৬ দিন অনশনে থাকার পর মৃত্যু হয়েছে এক ফিলিস্তিনি বন্দির। ইসলামি জিহাদ গ্রপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে এ বছরের ৫ ফেব্রুয়ারি আটক করেছিল দখলদার ইসরাইলি বাহিনী। ‘অবৈধভাবে’ আটকে রাখায় গত তিন মাস ধরে আমরণ অনশন করে আসছিলেন আদনান। অনশন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।
ইসরাইলের কারা কর্তৃপক্ষ জানায়, তাকে কারাগারে অচেতন অবস্থায় পাওয়ার আগে রক্ষীরা ওষুধ দিতে চাইলে আদনান নিতে অস্বীকৃতি জানান। মৃত্যুর কয়েক ঘণ্টা পর ইসরাইলকে লক্ষ্য করে তিনটি রকেট ছোঁড়া হয় গাজা উপত্যকা থেকে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগেও এই ফিলিস্তিনি অধিকারকর্মী অনশন করেছিলেন। ২০১৫ সালে আটকের পর টানা ৫৫ দিন কোনো কিছু খাননি তিনি। কথিত ‘প্রশাসনিক আটক’-এর অধীনে তাকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।
এই ‘কালো আইনের’ আওতায় যাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না এনে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।
ইসরাইলি মানবাধিকার সংস্থা হামোকেদের তথ্য অনুযায়ী, বর্তমানে কোনো ধরনের অভিযোগ ও বিচার কার্যক্রম ছাড়াই ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। ২০০৩ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ।
ফিলিস্তিনের গাজার ডব্লিউএইডি প্রিজনার অ্যাসোসিয়েশন বলেছে, ‘তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।’

