সুদানে দুই বাহিনীর সংঘাতের কারণে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ সুদান ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় তিন লক্ষাধিক বাসিন্দা। খুব দ্রুত এ সমস্যার সমাধান না হলে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
উত্তর আফ্রিকার দেশটিতে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও রাজধানী খার্তুমে এখনও তীব্র লড়াই চলছে।
সোমবার সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস বলেছেন, উভয় পক্ষ একটি ‘স্থিতিশীল ও নির্ভরযোগ্য’ যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত হয়েছে। আলোচনার সম্ভাব্য ভেন্যু হতে পারে সৌদি আরব। যদি সত্যিই শান্তি আলোচনা শুরু হয় তবে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এটিই হবে প্রথম বৈঠক। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৫ এপ্রিল দেশটিতে সংঘাত শুরুর পর থেকে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারেরও বেশি।
কয়েক দফায় যুদ্ধবিরতিতে সম্মতি মিললেও তা পুরোপুরি কার্যকর হয়নি। আরএসএফকে দুর্বল করতে খার্তুমে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। লড়াই ছড়িয়ে পড়েছে পশ্চিমের দারফুর অঞ্চলেও। ইউএনএইচসিআর’র মুখপাত্র ওলগা সাররাডো জেনেভায় সাংবাদিকদের বলেছেন, সংঘাত থেকে বাঁচতে অন্তত এক লাখ লোক সুদান ছেড়ে পালিয়েছে। শরণার্থীরা ভিড় করছেন প্রতিবেশী মিসর এবং চাদের সীমান্তেও।
বেশিরভাগ ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করেছে। মঙ্গলবার রাশিয়া বলেছে, তারা নিজেদের এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর নাগরিক মিলিয়ে ২০০ জনেরও বেশি লোককে সুদান থেকে সরিয়ে নিতে চারটি সামরিক প্লেন পাঠাচ্ছে। সুদানে কীভাবে বেসামরিক শাসন ফিরিয়ে আনা হবে মূলত তা নিয়ে দুই ক্ষমতাধর সামরিক অধিনায়কের দ্বন্দ্ব থেকে এই লড়াই চলছে।
দেশটির বর্তমান সামরিক সরকার চলে মূলত সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে। তার সঙ্গে উপনেতা হিসেবে রয়েছেন আরেকটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো। বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পরিকল্পনা অনুযায়ী এ দুটি বাহিনীকে একীভূত করার কথা।
কিন্তু আরএসএফ তাদের বিলুপ্ত করার বিপক্ষে এবং এই পরিকল্পনা থামানোর জন্য নিজেদের বাহিনীকে রাস্তায় নামায়। এরপর তা সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে পূর্ণাঙ্গ লড়াইয়ে রূপ নিয়েছে।

