বিশ্ব জুড়ে চিনি, চাল আর মাংসের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে গম, ভুট্টা ও ভোজ্য তেলের। তবে ২০১১ সালের পর চিনির দাম সর্বোচ্চ বেড়ে গেছে। জাতিসংঘের অন্যতম সংস্থা ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) সূচক অনুযায়ী এপ্রিলে বছরের প্রথমবারের মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। মার্চ থেকে এপ্রিলে এসে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পরিমাণ ০.৬ শতাংশ।
অবশ্য ২০২২ সালের এপ্রিলের তুলনায় ২০২৩ সালের এপ্রিলে খাদ্যপণ্যের দাম ১৯.৭ শতাংশ কম। যদিও ২০২১ সালের তুলনায় এই দাম ৫.২ শতাংশ বেশি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, খারাপ আবহাওয়া ও কম সারের ব্যবহারের কারণে ফসল কম হওয়ার পাশাপাশি এলনিনোর মতো প্রাকৃতিক দুর্যোগ সামনের দিনগুলোতে সরবরাহ সংকট সৃষ্টি করতে পারে। আরও বাড়তে পারে খাদ্যপণ্যের দাম।
এফএও প্রাইস সূচকের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মার্চে সূচকের অবস্থান ছিল ১২৬ দশমিক ৫ পয়েন্ট, তারপর এপ্রিলের গোটা মাসজুড়ে সূচকের অবস্থান ছিল ১২৭ দশমিক ২ এবং তার আশপাশে।
এফএওর বিবৃতিতে বলা হয়েছে, গত এপ্রিলে খাদ্যশস্য, দুধ ও দুগ্ধজাতীয় খাবার এবং ভোজ্য তেলের দাম প্রায় স্থিতিশীল থাকলেও বেড়েছে চিনি, মাংস এবং চালের দাম। ফাও প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এপ্রিলে বিশ্ব জুড়ে চিনির দাম বেড়েছে গড়ে ১৭ দশমিক ৬ শতাংশ। মাত্র এক মাসের মধ্যে চিনির দামের এই পরিমাণ উল্লম্ফন ২০১১ সালের পর আর দেখা যায়নি। অন্যদিকে মার্চ থেকে এপ্রিলÑ১ মাসে মাংসের দাম বিশ্বে বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। তবে রুশ ফেডারেশন ও অস্ট্রেলিয়ায় রফতানি করার মতো ব্যাপক মজুদ থাকায় বিশ্ব জুড়ে গমের দাম ২.৩ শতাংশ কমেছে। দক্ষিণ আমেরিকায় নতুন শস্য তোলার পর ভুট্টার দামও ৩.২ শতাংশ কমেছে। আর পরপর ৫ম মাসের মতো কমেছে ভোজ্য তেলের দাম। মার্চ থেকে এপ্রিলে এই তেলের দাম কমেছে ১.৩ শতাংশ।
এদিকে চালের দাম দিনকে দিন বাড়ছে। গত এক মাসে বিশ্ব বাজারে চালের দাম শতকরা কত বেড়েছে, তার সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে সামনের দিনগুলোতে এই দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কারণ আবহাওয়াগত কারণে বিশ্বের দুই বৃহৎ চাল উৎপাদনকারী দেশ চীন ও ভারতে চলতি মৌসুমে চালের উৎপাদন বেশ খানিকটা কমেছে।
ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দফতর ইতালির রাজধানী রোমে। সংস্থার মূল শাখার শীর্ষ অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো রয়টার্সকে বলেন, খাদ্যপণ্যের দাম পর্যবেক্ষণে রাখা এবং কেন তা বাড়ছে তা পর্যবেক্ষণে রাখা দরকার। যেহেতু বিশ্ব -অর্থনীতি মারাত্মক ধরনের মন্দাবস্থা থেকে মুক্ত হয়েছে, সে কারণে চাহিদা বেড়েছে, এর প্রভাবও পড়েছে খাদ্যপণ্যের দামে। ম্যাক্সিমো আরও বলেন, চালের দাম বৃদ্ধির ব্যাপারটি উদ্বেগজনক। কারণ বিশ্বের যেসব অঞ্চলে ভাত প্রধান খাদ্য, চালের দাম বৃদ্ধি পেলে সেখানে বিকল্প হিসেবে আটা-ময়দার ব্যবহার বাড়বে। ফলে চালের বাজার অস্থির হলে গম-ভুট্টার বাজারেও তার প্রভাব পড়বে। গম কিংবা ভুট্টার দাম বৃদ্ধি এড়াতে কৃষ্ণসাগরীয় উদ্যোগ নবায়ন করা জরুরি বলে মত দিয়েছেন তিনি।

