ভারতের কেরালায় মালাপ্পুরম জেলায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। রোববার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস জানিয়েছেন, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, নৌকার নিচে আরও অনেকে আটকা পড়েছেন। নৌকা ডুবির কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম ও পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস উদ্ধার অভিযানের সমন্বয় করবেন বলেও জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

