পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন।
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজিরের আদেশ দেন সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত তার গ্রেফতার বেআইনি বলেছেন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান ইমরান। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, আদালত প্রাঙ্গণের বাইরে পুলিশ ও রেঞ্জার্স কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে এবং গেটের সামনে কাঁটাতার বসানো হয়েছে।
বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরান জামিন আবেদনের শুনানি করবেন।
ডন নিউজ টিভির খবরে বলা হয়, সকাল সাড়ে ১১টার কিছু পর সাবেক প্রধানমন্ত্রীকে বায়োমেট্রিক পরীক্ষার জন্য আদালতের ডায়েরি শাখায় নিয়ে যাওয়া হয়।
এর আগে দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। এর একদিন পর তাকে আটদিনের রিমান্ডে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রীর গ্রেফতার অবৈধ ঘোষণা করে। সেই সঙ্গে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও প্রদান করে।

