সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে রুখতে সে দেশের সেনাবাহিনী নতুন কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচার বিভাগকে ইমরানের প্রতি নমনীয় মনে করেন অনেকেই। সে কারণে সামরিক আইনের আওতায় নিয়ে ইমরানের বিচারের পাঁয়তারা করা হচ্ছে।
দুর্নীতির এক মামলায় গত ৯ মে ইমরানকে গ্রেফতারের পর তার দলের কর্মী-সমর্থকরা দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু করে। সেই সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ওই সহিংসতার জন্য পিটিআই কর্মীদের দায়ী করে তাদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে। কেবল তাই নয়, ঘটনার পর কর্পস কমান্ডার বৈঠকে সিদ্ধান্ত হয়, এসব ঘটনার বিচার করা হবে সামরিক আইনে।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠকে সেনাপ্রধানসহ উপস্থিত ছিলেন শীর্ষ সেনা কর্মকর্তারাও। ৯ মে রাষ্ট্রীয় ও বেসরকারি সম্পদ ধ্বংসের ঘটনায় জড়িতদের সেনা আইন ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসের অধীনে বিচারে একমত হন বেসামরিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেখানে ৭২ ঘণ্টার মধ্যে ওই সহিংস হামলায় জড়িত সবাইকে, তাদের সহযোগীদের এবং এসব লোককে ভাঙচুর চালাতে উসকানি দেওয়া নেতাদের আটকের সিদ্ধান্ত হয়।
অবশ্য সেনা আইনের অধীনে অগ্নিসংযোগকারীদের বিচার করার প্রস্তাবিত পদক্ষেপটি কঠোর সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো সরকারকে এই পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার এতে ভ্রুক্ষেপ করছে না। মূলত ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেওয়ায় তারা ইমরান খানকে সবদিক থেকে চেপে ধরতে চাইছে বলে মনে করা হচ্ছে। কেউ কেউ ধারণা করছেন, ইমরানকে রুখতেই সামরিক আইনকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের সামরিক আইনটি কেমন: পাকিস্তান আর্মি অ্যাক্ট কার্যকর হয়েছিল ১৯৫২ সালে। মূলত সামরিক কর্মীদের সামরিক আইনের অধীনে বিচারের জন্য অ্যাক্টটি ব্যবহার করা হয়। তবে এর কিছু বিধান বেসামরিক নাগরিকদের জন্যও প্রযোজ্য। ১৯৬৬ সালে জান্তা আইয়ুব খানের শাসনামলে এই আইনে একটি সংশোধনী আনা হয়েছিল। সেখানে বিদ্রোহের জন্য অভিযুক্ত বেসামরিক ব্যক্তিদেরও এই আইনের অধীনে বিচার করার বন্দোবস্ত হয়েছিল। শত্রুদের সঙ্গে সরকারি রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের ঘটনাতেই বেসামরিক ব্যক্তিদের সামরিক আদালতে বিচার করার বিধান যুক্ত হয় সে সময়। একই সঙ্গে যুক্ত হয় সামরিক স্থাপনায় হামলাকারী বেসামরিকদের বিচারের বিধান।
এখন ইমরান খান ৯ মের তা-বের দিন নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকলেও তাকে সহিংসতার পরিকল্পনাকারী কিংবা মূল হোতা হিসেবে অভিযোগ এনে তাকে বিচারের আওতায় নেওয়ার সুযোগ রয়েছে।
সামরিক আইন কেন ইমরানকে শায়েস্তা করার অস্ত্র: কূটনীতি বিষয়ক ফরেন পলিসির এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হচ্ছে, পিটিআইয়ের ওপর সামরিক আইনের খগড় নেমে আসার কারণ মূলত ইমরান খান। তাকেই এই আইনের লক্ষ্যবস্তু বানানোর পাঁয়তারা হচ্ছে। ওই বিশ্লেষণে বলা হচ্ছে, পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইমরানকে জামিন দিয়েছে। সেখানকার অন্য আদালতগুলোও ইমরানের প্রতি নমনীয় থাকতে পারে বলে ধারণা করা যায়। সে কারণে ইমরানকে সামরিক আইনের আওতায় আনার চেষ্টা হচ্ছে।
আসছে অক্টোবরে পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা। আর ইমরানের সাম্প্রতিক জনপ্রিয়তাই বলে দিচ্ছে, নির্বাচনে দাঁড়াতে পারলে তার নিরঙ্কুশ জয় প্রায় নিশ্চিত। এ কারণে ক্ষমতাসীন জোট ও সামরিক বাহিনীর মাথাব্যথা আছে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হচ্ছে, ইমরানকে নিয়ে সেনাপ্রধানের বিশেষ মাথাব্যথা রয়েছে।
এদিকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগের কূটনীতি ও নিরস্ত্রীকরণ বিষয়ের অধ্যাপক শরণ সিং এশিয়া টাইমসে লিখেছেন, ‘আগামী আগস্টেই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এর দুই মাসের মধ্যে এবং মেয়াদ পূরণের আগেই পার্লামেন্ট ভেঙে দিলে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তার মানে নির্বাচন এখন থেকে অক্টোবরের যেকোনো সময়ই হতে পারে। ফলে নির্বাচন বিষয়ে সেনাবাহিনীর হাতে সময় কম। সেনাপ্রধান সম্ভবত ধারণা করছেন, ইমরান ভোটে দাঁড়ালেই জিতে যাবেন। তখন ইমরান তাকে সরিয়ে দিতে পারেন। এ কারণে তিনি সেনাদের মাঠে নামিয়ে পিটিআই কর্মী-সমর্থকদের গণহারে আটক করতে পারেন।’
শরণ সিং সতর্ক করেছেন, ‘কিন্তু সেটি করলে সেনাবাহিনীকে রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে পড়তে হবে, যা আরও বড় রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। এখন ইমরান খানকে রাজনীতি থেকে দূরে রাখতে সেনাবাহিনী সেই সংকট মোকাবিলার ঝুঁকি নেবে কি না, সেটা বুঝতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।’
তথ্যসূত্র: ডন, আলজাজিরা, ফরেন পলিসি

