নিজ বাসার ওয়াশরুমেও রাষ্ট্রীয় গোপনীয় পারমাণবিক নথি রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শত শত রাষ্ট্রীয় গোপনীয় নথির অব্যবস্থাপনার কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ৮৯ পৃষ্ঠার অভিযোগনামায় প্রথমবারের মতো একজন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগে তাকে তার ফ্লোরিডার বাড়ির বলরুম ও ওয়াশরুমসহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় গোপনীয় নথি রাখা এবং তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, কিছু ফাইল মার-এ-লগোর বলরুমের মঞ্চে রাখা হয়েছিল, যেখানে অনুষ্ঠান হয়েছে এবং লোকজনের জমায়েত হয়েছিল। পরে বাথরুম ও গোসলখানা, একটি অফিসে এবং ট্রাম্পের বেডরুমেও ফাইলগুলো রাখা হয়েছিল। তিনি নথিপত্র ব্যবস্থাপনার তদন্তে বাধা দেওয়ারও চেষ্টা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
আগামী বছর থেকে যাওয়া যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ট্রাম্প। অন্যায় কিছু করার কথা অস্বীকার করেছেন তিনি।
ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নাউটার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। হোয়াইট হাউসের এই সাবেক সামরিক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ, এফবিআইয়ের কাছ থেকে লুকানোর জন্য তিনি ফাইল সরিয়ে নিয়েছিলেন।
অভিযোগনামায় বলা হয়েছে, ট্রাম্প তার বাক্সগুলোতে যে গোপনীয় নথিগুলো রেখেছিলেন সেগুলোতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির, যুক্তরাষ্ট্র ও বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ও অস্ত্র সক্ষমতা, সামরিক আক্রমণ হলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সম্ভাব্য দুর্বলতা এবং বাইরে থেকে কোনো হামলা হলে তার প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার তথ্য ছিল।

