Image description

গাজাগামী বেসামরিক ফ্লোটিলা | ফাইল ছবি : ইউএনবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র শেষ নৌযানটিরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পোল্যান্ডের পতাকাবাহী 'মারিনেট' নামের ত্রাণবাহী নৌযানটিতে জোরপূর্বক প্রবেশ করে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।

'মারিনেট' নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন বলে জানা গেছে। এটিই ছিল গাজা অভিমুখী ফ্লোটিলার শেষ সচল নৌযান। ইসরায়েলি বাহিনীর হামলায় নৌযানে থাকা মানবাধিকারকর্মী ও ক্রুদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের একটি বহর। প্রায় ৫০০ মানবাধিকারকর্মী এই বহরে ছিলেন। ইসরায়েল একে একে এই বহরের নৌযানগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। নৌযানে থাকা মানবাধিকারকর্মী ও ক্রুদেরও আটক করতে থাকে ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৬ হাজার ২২৫ ফিলিস্তিনির প্রাণ গেছে এবং আহত হয়েছেন অন্তত এক লাখ ৬৮ হাজার ৯৩৮ জন।