| সংগৃহীত ছবি
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র আরোহীরা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) ফ্লোটিলার আয়োজক আন্তর্জাতিক সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে আটক নৌবহরের বেশ কয়েকজন কর্মী আটকের মুহূর্ত থেকেই অনির্দিষ্টকালের অনশনে গেছেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি অংশের তথ্য অনুযায়ী, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা ইসরায়েলের হাতে আটক হওয়ার পর থেকেই অনশন শুরু করেছেন। শুক্রবার ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা দখলকৃত ফিলিস্তিনের আশদোদ বন্দরে পৌঁছার পর থেকেই অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। বৃহস্পতিবার সেখান থেকে তাদের নেগেভ মরুভূমির কেতসিওত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা 'অবৈধ বিচারের' অপেক্ষায় রয়েছেন।
তিউনিসিয়ান অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের মুক্তি এবং তাদের বার্তা বিশ্বব্যাপী পৌঁছানোর আগ পর্যন্ত এই অনশন চলবে। বিবৃতিতে বলা হয়, "বন্দি তিউনিসিয়ানদের এই অটল অবস্থান অবরুদ্ধ গাজার সংগ্রামেরই সম্প্রসারণ।" তারা আরও উল্লেখ করেন, "আমরা এক অদম্য জাতির ইচ্ছাশক্তি বয়ে বেড়াচ্ছি। অবৈধ বিচার বা অনাহার আমাদের সংকল্প ভাঙতে পারবে না।"
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪৪টি নৌযান দখল করে ৫০টিরও বেশি দেশের ৪৭০ জনের বেশি কর্মীকে আটক করে। এই নৌবহরের মূল উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলি অবরোধ ভেঙে দেওয়া।




Comments